
আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার ভরাডোবা বাসস্ট্যান্ড এলাকায় বেতন পরিশোধের দাবিতে মহাসড়ক অবরোধ করেছেন মুলতাজিম স্পিনিং মিলস লিমিটেডের শ্রমিকেরা। বৃহস্পতিবার (৯ অক্টোবর ২০২৫) বিকেলে তাঁরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখেন, এতে দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং যাত্রীরা চরম ভোগান্তির শিকার হন।
শ্রমিকদের অভিযোগ, সেপ্টেম্বর মাসের বেতন আগামীকাল শুক্রবার (১০ অক্টোবর) দেওয়ার কথা ছিল। তবে শুক্রবার সরকারি ছুটি ও ব্যাংক বন্ধ থাকার কারণ দেখিয়ে কারখানা কর্তৃপক্ষ ১২ অক্টোবর বেতন দেওয়ার সিদ্ধান্ত জানায়। এতে ক্ষুব্ধ হয়ে শ্রমিকেরা মহাসড়কে অবস্থান নেন।
খবর পেয়ে শিল্প পুলিশ-৫, ভালুকা থানা, হাইওয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। শিল্প পুলিশ-৫ ময়মনসিংহের পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন খান জানান, “শ্রমিকদের বেতন ১০ অক্টোবর দেওয়ার কথা ছিল। শুক্রবার ছুটি থাকায় কর্তৃপক্ষ রোববার বেতন দেওয়ার ঘোষণা দেয়। এতে শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা দেয়।”
পরে কারখানা কর্তৃপক্ষ আজই বেতন দেওয়ার আশ্বাস দিলে শ্রমিকেরা অবরোধ তুলে নেন এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। চেষ্টা সত্ত্বেও কারখানা কর্তৃপক্ষের কোনো মন্তব্য পাওয়া যায়নি।
আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি 


























