
সুনামগঞ্জ প্রতিনিধি : শফিকুল ইসলাম শফিক
সুনামগঞ্জের মধ্যনগরে “আদিবাসী জীবন ও ঐতিহ্যগত জ্ঞান সুরক্ষায় এগিয়ে আসুন” এই প্রতিপাদ্যে যথাযথ মর্যাদায় ৯ আগস্ট আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৬ পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে রবিবার সকাল ১০টায় ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশন – TWA, মধ্যনগর উপজেলা শাখার আয়োজনে ইছামারি কারিতাস অফিস প্রাঙ্গণে র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানসূচি অনুযায়ী সকাল ১০টা থেকে ১০টা ৩০ মিনিট পর্যন্ত র্যালি অনুষ্ঠিত হয়। পরে সকাল ১০টা ৩০ মিনিট থেকে ১১টা পর্যন্ত জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর বর্ষবরণ, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো. মুক্তার হোসেন, বংশীকুণ্ডা উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো. হযরত আলী, সাবেক ভাইস চেয়ারম্যান ও বংশীকুণ্ডা উত্তর ইউনিয়ন যুবদল সভাপতি।
আরও উপস্থিত ছিলেন জনাব মো. আব্দুস সালাম, বংশীকুণ্ডা উত্তর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মি. বেলাল নকরেক, সভাপতি, TWA, মধ্যনগর উপজেলা শাখা।
সঞ্চালনা করেন উত্তম স্নাল, ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দীপক রংদি, সুশীল সমাজসেবক এবং নিরুপমা রংদি, কারিতাস প্রতিনিধি।
আলোচনা সভায় প্রধান অতিথি মো. মুক্তার হোসেন বলেন, “আদিবাসীরা এই দেশের আদি সন্তান। তাদের অধিকার ও সংস্কৃতি রক্ষায় বিএনপি বরাবরই অঙ্গীকারবদ্ধ।”
বিশেষ অতিথি মো. হযরত আলী বলেন, “আদিবাসী ও বাঙালির মধ্যে সম্প্রীতি বজায় রেখে দেশকে এগিয়ে নিতে হবে। সরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিক উদ্যোগ জরুরি।”
বিএনপি নেতা মো. আব্দুস সালাম বলেন, “আদিবাসীদের শিক্ষা, স্বাস্থ্য ও অর্থনৈতিক উন্নয়নে আমরা কাজ করে যাব। তাদের পাশে থেকে সকলব সমস্যার সমাধান করতে চাই।”
অন্যান্য বক্তারা বলেন, আদিবাসী জনগোষ্ঠীর ঐতিহ্যগত জ্ঞান, সংস্কৃতি ও জীবনযাত্রা রক্ষা করা রাষ্ট্র ও সমাজের দায়িত্ব। তারা আদিবাসীদের শিক্ষা, স্বাস্থ্য ও অর্থনৈতিক উন্নয়নে সরকারি-বেসরকারি উদ্যোগ বাড়ানোর দাবি জানান।
বক্তারা আরও বলেন, আদিবাসী ও বাঙালির সম্প্রীতির মাধ্যমে দেশের উন্নয়ন ত্বরান্বিত করতে হবে।
অনুষ্ঠানটি সকল আদিবাসী সম্প্রদায়ের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে শেষ হয়।
Reporter Name 






















