
বিশেষ প্রতিনিধি: বাবলু বড়ুয়া, চট্টগ্রাম
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ঐতিহ্যবাহী সৈয়দবাড়ি ধর্ম প্রবর্তন বৌদ্ধ বিহার কমপ্লেক্সে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও মহাসমারোহে দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব সম্পন্ন হয়েছে।
গত ৩১ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার দিনব্যাপী নানা ধর্মীয় ও মাঙ্গলিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পবিত্র এ দানোৎসব উদযাপিত হয়। অনুষ্ঠানে বৌদ্ধ ভিক্ষুসংঘের পবিত্র সান্নিধ্য, ধর্মীয় আলোচনা ও বিভিন্ন দানানুষ্ঠানে অংশ নেন বিপুলসংখ্যক পুণ্যার্থী ও উপাসক-উপাসিকা।
অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ও সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সম্মানিত ট্রাস্টি এবং জাতীয়তাবাদী বৌদ্ধ ঐক্য ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বাবু পার্থ প্রতিম বড়ুয়া অপু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম কোর্টের এপিপি অ্যাডভোকেট জয় বড়ুয়া।
এ ছাড়া বিভিন্ন এলাকা থেকে আগত বিশিষ্ট ব্যক্তিবর্গ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ধর্মপ্রাণ বৌদ্ধ সম্প্রদায়ের বিপুলসংখ্যক মানুষ উৎসবে অংশগ্রহণ করেন।
দিনব্যাপী আয়োজনে ছিল সকালে বুদ্ধপূজা, সংঘদান, অষ্টপরিষ্কার দান ও কঠিন চীবর দান। এ ছাড়া বৌদ্ধ ভিক্ষুসংঘের পিণ্ডদান, ধর্মীয় দেশনা ও আলোচনা অনুষ্ঠিত হয়। এসব ধর্মীয় আচার-অনুষ্ঠানে অংশ নিয়ে পুণ্যার্থীরা ধর্মীয় শিক্ষা ও মানবকল্যাণের বার্তা গ্রহণ করেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে দেশ, জাতি ও বিশ্বমানবতার শান্তি, সম্প্রীতি ও কল্যাণ কামনায় বিশেষ প্রার্থনা করা হয়। এর মধ্য দিয়ে ঐতিহ্যবাহী সৈয়দবাড়ি ধর্ম প্রবর্তন বৌদ্ধ বিহারের দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসবের সমাপ্তি ঘটে।
Reporter Name 






















