
আব্দুল্লাহ আল মামুন, হরিনাকুন্ডু সংবাদদাতা:
ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় মাদক নির্মূলে অভিযান অব্যাহত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং, অবৈধ যানবাহন এবং ডেঙ্গু প্রতিরোধসহ বিভিন্ন জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করা হয়।
উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রদীপ্ত রায় দীপন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য আলী আজম মোহাম্মদ আবু বক্কর।
এ ছাড়া সভায় হরিনাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, শিক্ষক, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, উপজেলার হাট-বাজার, শিক্ষাপ্রতিষ্ঠান এবং বিভিন্ন এলাকায় মাদকবিরোধী যৌথ অভিযান আরও জোরদার করা হবে।
সভাপতির বক্তব্যে ইউএনও প্রদীপ্ত রায় দীপন বলেন, “মাদক নির্মূলে অভিযান চলবে। এখানে কোনো ছাড় নেই। তবে অভিযান শুধু কাগজে-কলমে সীমাবদ্ধ থাকলে হবে না। প্রশাসনকে মাঠপর্যায়ে কার্যকরভাবে দায়িত্ব পালন করতে হবে। এ ক্ষেত্রে জনপ্রতিনিধি ও সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা প্রয়োজন।”
সভায় স্কুল-কলেজের সামনে ভ্রাম্যমাণ দোকান নিয়ন্ত্রণ, অবৈধ যানবাহনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা এবং ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রম আরও জোরদারের নির্দেশ দেওয়া হয়।
সভায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন, জনপ্রতিনিধি এবং স্থানীয় জনগণের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।
Reporter Name 












