
বাদশা সেকেন্দার ভুট্টো,
(নীলফামারী) প্রতিনিধি;
বাংলাদেশ জামায়াতে ইসলামী নীলফামারী জেলার নতুন রোকন সম্মেলন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চলের সহকারী অঞ্চল পরিচালক অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন।
শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে নীলফামারী আল-হেলাল একাডেমি মাঠে জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত রোকন সম্মেলন ও জেলা আমীর নির্বাচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সম্মেলনে রোকনদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্যে মাওলানা মমতাজ উদ্দিন বলেন, জাতীয় নির্বাচন ও স্থানীয় নির্বাচন এক বিষয় নয়। স্থানীয় নির্বাচনে ভালো ফলাফল অর্জনের লক্ষ্যে এখন থেকেই ব্যাপক গণসংযোগ কার্যক্রম শুরু করতে হবে। নীলফামারীর চারটি আসনেই ভালো ফলাফলের মাধ্যমে জামায়াতের জনপ্রিয়তা প্রমাণ করার আহ্বান জানান তিনি।
দলীয় নেতাকর্মীদের নৈতিক ও ধর্মীয় অনুশাসনের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, প্রতিটি কাজ এমনভাবে করতে হবে, যাতে তা আখিরাতে নাজাত ও জান্নাত লাভের জন্য সহায়ক হয়। সব কার্যক্রমে আল্লাহর সন্তুষ্টি ও ইখলাস বজায় রাখতে হবে। কোনো অবস্থাতেই সীমালঙ্ঘন করা যাবে না।
এ সময় রোকনদের কুরআন অধ্যয়নে আরও মনোযোগী হওয়ার আহ্বান জানিয়ে তিনি প্রত্যেক রোকনের কাছে ‘তাফহীমুল কুরআন’-এর পূর্ণ সেট রাখার পরামর্শ দেন।
নীলফামারী জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার এমপির সভাপতিত্বে সম্মেলনে সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর-দিনাজপুর অঞ্চলের টিম সদস্য আব্দুর রশীদ।
অনুষ্ঠানে বক্তব্য দেন নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য আব্দুল মুনতাকিম, নীলফামারী-৩ আসনের সংসদ সদস্য মাওলানা ওবায়দুল্লাহ সালাফী এবং নীলফামারী-২ আসনের সংসদ সদস্য আল ফারুক আব্দুল লতিফ।
সম্মেলনে জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন স্তরের নেতাকর্মীসহ বিপুলসংখ্যক রোকন উপস্থিত ছিলেন।
পরে সুশৃঙ্খল ও গণতান্ত্রিক পরিবেশে নতুন মেয়াদের জন্য নীলফামারী জেলা জামায়াতে ইসলামীর আমীর নির্বাচন অনুষ্ঠিত হয়।
Reporter Name 





















