
সুনামগঞ্জ প্রতিনিধি: শফিকুল ইসলাম শফিক
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় সংবাদ প্রকাশের পর অবশেষে নড়েচড়ে বসলো প্রশাসন। দীর্ঘদিন মরণফাঁদ হয়ে থাকা আমানিপুর ব্রিজের দুই পাশে মাটি কাটার কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
উল্লেখ্য, যখন নিউজটি প্রকাশ হয়, তখনও বিএনপি নেতা মাইনুদ্দিনের নেতৃত্বে গ্রামবাসীকে নিয়ে ব্রিজের দুরবস্থার প্রতিবেদন করা হয়েছিল। গ্রামবাসী তখনই দ্রুত সংস্কারের দাবি জানিয়েছিলেন।
সেই সংবাদটি মধ্যনগর উপজেলার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা জনি রায়ের নজরে আসার পরপরই তিনি দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এরই ধারাবাহিকতায় আজ ব্রিজটির দুই পাশে মাটি কাটার কাজের শুভ উদ্বোধন করা হয়।
দীর্ঘদিন সংস্কার না হওয়ায় মধ্যনগর উপজেলার ২নং দক্ষিণ বংশীকুন্ডা ইউনিয়নের আমানিপুর গ্রামের ব্রিজটি মরণফাঁদে পরিণত হয়েছিল। ব্রিজের দুই পাশের মাটি সরে গিয়ে সংযোগ সড়ক বিচ্ছিন্ন হয়ে পড়ায় চরম ভোগান্তিতে পড়েছিল রংচি, আমানিপুর ও খিদিরপুর — এই তিন গ্রামের মানুষসহ চারটি শিক্ষা প্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থী।
আজকের উদ্বোধনী কাজেও নেতৃত্ব দেন বিএনপি নেতা মাইনুদ্দিন। তাঁর নেতৃত্বে গ্রামবাসী স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন ও শুভ উদ্বোধন করেন। এ সময় তিন গ্রামের শত শত মানুষ উপস্থিত ছিলেন।
এ সময় মাইনুদ্দিন বলেন, “এই ব্রিজটা শুধু একটা ব্রিজ না, এটা তিন গ্রামের মানুষের জীবনের সেতুবন্ধন। রংচি, আমানিপুর আর খিদিরপুরের মানুষ প্রতিদিন এই ব্রিজ দিয়েই হাট-বাজার, হাসপাতাল আর স্কুলে যায়। চারটা স্কুলের কোমলমতি বাচ্চারা প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে এই ব্রিজ পার হয়।
তিনি আরও বলেন, “সাংবাদিকরা হচ্ছে সমাজের দর্পণ। আজকে সাংবাদিকদের নিউজ প্রকাশের কারণেই, তাদের নিউজের কারণেই আজ এই কাজটি আমাদের এখানে এসেছে। এজন্য আমরা সাংবাদিকদের প্রতিও কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রশাসনের নির্দেশ পেয়ে আমরা গ্রামবাসীকে নিয়ে কাজ শুরু করেছি। তবে আমরা চাই, অস্থায়ী মাটি ভরাট নয়, দ্রুত এই ব্রিজের স্থায়ী সংস্কার করা হোক।
স্থানীয় বাসিন্দা মো. শফিকুল ইসলাম বলেন, বর্ষার সময় এই ব্রিজ দিয়ে পার হওয়া যায় না। বাচ্চারা পড়ে গিয়ে হাত-পা ভাঙে। আজ কাজ শুরু হওয়ায় আমরা অনেক খুশি। এখন যেন কাজটা মাঝপথে থেমে না যায়।
স্থানীয়রা আরও বলেন, আমাদের ছেলে-মেয়েরা স্কুলে যেতে ভয় পেতো। আজ মাটি কাটা শুরু হওয়ায় মনে হচ্ছে, এবার বোধহয় আমাদের কষ্টটা শেষ হবে।
স্থানীয় বিদ্যালয়ের একজন শিক্ষক বলেন, এই ব্রিজের কারণে প্রতিদিন শিক্ষার্থীরা দেরি করে স্কুলে আসতো। অনেক অভিভাবক বাচ্চাদের স্কুলে পাঠাতে ভয় পেতেন। ঝুঁকি নিয়ে বাঁশের সিঁড়ি বেয়ে পার হতে গিয়ে অনেক শিক্ষার্থী আহত হয়েছে। সংবাদ প্রকাশের পর প্রশাসন যে দ্রুত উদ্যোগ নিয়েছে, এজন্য আমরা ধন্যবাদ জানাই। তবে শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে স্থায়ী সমাধান খুবই জরুরি।
এর আগে সংবাদ প্রকাশের পর ইউএনও (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) জনি রায় বলেছিলেন, বিষয়টি আমাদের নজরে এসেছে। এখানে ছাত্র-ছাত্রীরা প্রতিনিয়ত বাধা পাচ্ছে এবং দুর্ঘটনা ঘটছে, তাই আমরা দ্রুত সরেজমিনে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।
পাশাপাশি ব্রিজের সাথে রয়েছে তিন গ্রামের সংযোগকারী একটি গুরুত্বপূর্ণ রাস্তা। এই রাস্তা দিয়ে রংচি, আমানিপুর ও খিদিরপুরের প্রায় ১০ হাজার মানুষের বসবাস ও চলাফেরা। এলাকাবাসীর দাবি, ব্রিজের পাশাপাশি এই রাস্তাটিও খুবই গুরুত্বপূর্ণ। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তাদের জোর দাবি, দ্রুত এই রাস্তাটিও সংস্কার করা হোক।
এই বিষয়ে জানতে চাইলে মধ্যনগর উপজেলার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা জনি রায় বলেন, “ব্রিজের দুই পাশের মাটি কাটার কাজ যেন সঠিকভাবে হয়, যারা দায়িত্ব নিয়ে কাজটি করছেন, তারা যেন সঠিকভাবে করেন।” রাস্তা সংস্কারের বিষয়ে তিনি বলেন, “এ বিষয়ে পরবর্তীতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।”
কাজ শুরু হওয়ায় স্বস্তি ফিরেছে রংচি, আমানিপুর ও খিদিরপুর গ্রামের মানুষ, শিক্ষক ও অভিভাবকদের মাঝে। তারা দ্রুত ব্রিজ ও রাস্তাটির স্থায়ী সংস্কারের দাবি জানিয়ে উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সুনামগঞ্জ প্রতিনিধি শফিকুল ইসলাম শফিক
Reporter Name 





















