ইলিশ, খেলনা, ফার্নিচারসহ বিভিন্ন পণ্য দেওয়ার কথা বলে প্রতারণা; নড়াইলে অভিযান চালায় ঝিনাইদহ সাইবার ক্রাইম সেল
মোঃ ফজলুল কবির গামা
বিশেষ প্রতিনিধি, ঝিনাইদহ
অনলাইনে আকর্ষণীয় বিজ্ঞাপন। বাজারমূল্যের চেয়ে অস্বাভাবিক কম দাম, সঙ্গে বিশেষ ছাড়। বিজ্ঞাপন দেখে পছন্দের পণ্য অর্ডার করলেই দিতে হবে অগ্রিম টাকা। টাকা পাওয়ার পরই বন্ধ হয়ে যায় যোগাযোগ। এভাবেই ইলিশ মাছ, জুতা, শিশুদের খেলনা, ফার্নিচারসহ বিভিন্ন পণ্য অনলাইন ডেলিভারির নামে প্রতারণা করে আসা একটি চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে ঝিনাইদহ জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল।
সোমবার (৭ সেপ্টেম্বর) নড়াইল জেলায় অভিযান চালিয়ে চক্রটির তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নড়াইল সদর উপজেলার ভওয়াখালী গ্রামের সাকিব হোসেন আশিক (২৩), আরাফাত মোল্লা (২২) ও মিনহাজুর রহমান (২২)।
পুলিশের ভাষ্য, দীর্ঘদিন ধরে চক্রটি সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে বিভিন্ন পণ্যের আকর্ষণীয় বিজ্ঞাপন প্রচার করে আসছিল। বিজ্ঞাপনে বাজারমূল্যের তুলনায় অস্বাভাবিক কম দাম, বিশেষ ছাড় ও উন্নতমানের পণ্য সরবরাহের প্রতিশ্রুতি দেওয়া হতো। এসব বিজ্ঞাপনে আকৃষ্ট হয়ে কেউ পণ্য অর্ডার করলে বিভিন্ন কৌশলে অগ্রিম মূল্য হিসেবে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) নম্বরে টাকা নেওয়া হতো। এরপর পণ্য সরবরাহ না করে ক্রেতার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেওয়া হতো।
এই চক্রের প্রতারণার শিকার হন ইসলামী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত এক শিক্ষার্থী। ‘Sneakers Hub BD’ নামের একটি অনলাইন প্ল্যাটফর্মে জুতা বিক্রির বিজ্ঞাপন দেখে তিনি একজোড়া জুতা অর্ডার করেন। পরে বিভিন্ন কৌশলে তাঁর কাছ থেকে অনলাইনে ৮৫ হাজার ৫১৬ টাকা হাতিয়ে নেয় প্রতারকরা। টাকা নেওয়ার পর জুতা সরবরাহ না করে যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়।
পরে ভুক্তভোগী বিষয়টি ঝিনাইদহ জেলা পুলিশের সাইবার ক্রাইম শাখায় জানান। অভিযোগ পাওয়ার পর সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের একটি দল ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত শুরু করে। প্রযুক্তিগত তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের মাধ্যমে প্রতারক চক্রটির সদস্যদের অবস্থান শনাক্ত করা হয়।
এ ঘটনায় মহেশপুর থানায় মামলা করা হয়েছে। মামলার নম্বর ৩০, তারিখ ২৫ জুলাই ২০২৬। মামলায় সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর ২২(২), ২৩(২) ও ২৭(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।
তদন্তের ধারাবাহিকতায় সোমবার নড়াইল জেলায় অভিযান চালানো হয়। অভিযানে সাকিব হোসেন আশিক, আরাফাত মোল্লা ও মিনহাজুর রহমানকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত মোবাইল ফোন, সিমকার্ডসহ বিভিন্ন ডিজিটাল আলামত জব্দ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার তিনজনকে জিজ্ঞাসাবাদ এবং তদন্তের মাধ্যমে চক্রটির সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্তের চেষ্টা চলছে। একই সঙ্গে প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া অর্থের বিষয়ে বিস্তারিত অনুসন্ধান অব্যাহত রয়েছে।
অনলাইনে কেনাকাটায় সতর্ক থাকার পরামর্শ
অনলাইনে পণ্য কেনার ক্ষেত্রে অস্বাভাবিক কম দাম, অতিরিক্ত ছাড় কিংবা আকর্ষণীয় বিজ্ঞাপনে প্রলুব্ধ না হওয়ার পরামর্শ দিয়েছে ঝিনাইদহ জেলা পুলিশ। পণ্য ও বিক্রেতার পরিচয় যথাযথভাবে যাচাই না করে কোনো অপরিচিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে অগ্রিম টাকা না দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
পুলিশের পক্ষ থেকে আরও বলা হয়েছে, অনলাইন প্রতারণার শিকার হলে দ্রুত সংশ্লিষ্ট থানা কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিষয়টি জানাতে হবে। দ্রুত অভিযোগ করলে প্রতারণার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনার ক্ষেত্রে তদন্ত কার্যক্রম আরও কার্যকরভাবে পরিচালনা করা সম্ভব।
Reporter Name 
























