
কক্সবাজার জেলা প্রতিনিধি, জামাল উদ্দীন
কক্সবাজারের উখিয়ায় বিজিবির বিশেষ টহল অভিযানে প্রায় ২ লাখ ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। তবে এ সময় চোরাচালানকারীরা পালিয়ে যেতে সক্ষম হয়।
বিজিবি সূত্রে জানা যায়, ১৬ মে ২০২৬ তারিখ রাত আনুমানিক ৭টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে উনচিপ্রাং বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার বিআরএম-১৭ হতে আনুমানিক ১ কিলোমিটার পশ্চিম দিকে এবং বিওপি হতে প্রায় ২ কিলোমিটার পূর্ব দিকে শাকেরের ঘের নামক স্থানে অবস্থান নেয়।
পরবর্তীতে রাত আনুমানিক ৮টার দিকে ৪ জন সন্দেহভাজন ব্যক্তি মিয়ানমার থেকে নাফ নদী পার হয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখা যায়। এ সময় বিজিবি টহল দল তাদের চ্যালেঞ্জ করলে তারা বিজিবির উপস্থিতি টের পেয়ে হাতে থাকা প্লাস্টিকের বস্তা ফেলে দ্রুত ঘেরের ভেতরের খাল সাঁতরে গ্রামের দিকে পালিয়ে যায়।
পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত প্লাস্টিকের বস্তার ভেতর থেকে খাকী রঙের প্যাকেটের মধ্যে নীল রঙের বায়ুরোধী মোড়কে রাখা মোট ২৯টি কাট, অর্থাৎ ২ লাখ ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় পলাতক চোরাকারবারীদের গ্রেফতারে এলাকায় চিরুনি অভিযান পরিচালনা করা হলেও কাউকে আটক করা সম্ভব হয়নি।
উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক বিষয়টি নিশ্চিত করে বলেন, পলাতক চোরাকারবারীদের শনাক্ত ও গ্রেফতারে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।
তিনি আরও বলেন, বিজিবি শুধু সীমান্ত পাহারাই নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধেও সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) সীমান্ত সুরক্ষা, মাদক ও চোরাচালান দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।
লে. কর্নেল মো. জহিরুল ইসলাম
অধিনায়ক
উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)
Reporter Name 






















