
শাকিল হোসেন,কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি:
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় একাধিক শিল্প কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।
আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ১০ থেকে শুরু হওয়া এই বিক্ষোভের ফলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। এতে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হলে চরম দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রী ও চালকেরা।
আন্দোলনরত শ্রমিক আজিজ বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন দাম বৃদ্ধির কারণে বিদ্যমান বেতনে পরিবার-পরিজন নিয়ে জীবনযাপন করা অসম্ভব হয়ে পড়েছে। তাই বর্তমান বাজারদরের কথা বিবেচনা করে জীবনযাত্রার মান টিকিয়ে রাখতে তারা সর্বনিম্ন বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের একদফা দাবিতে রাজপথে নেমেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে মৌচাক, সফিপুর ,পল্লি বিদ্যুৎ, চন্দ্রা, ও আশপাশের বিভিন্ন কারখানার শ্রমিকরা কাজ বন্ধ করে বেরিয়ে আসেন এবং ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নেন। এ সময় তারা বেতন বৃদ্ধির দাবিতে নানা ধরনের স্লোগান দেন ও সড়কে ব্যারিকেড গড়ে তোলেন। প্রতিবেদনটি লেখা পর্যন্ত এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছিল এবং যানবাহন চলাচল বন্ধ ছিল।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কালিয়াকৈরের মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আনিস বলেন, বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকরা মহাসড়কে আন্দোলন করছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছে।
Reporter Name 

























