
কৃষকদের জন্য ৪০ লাখ কৃষক কার্ড বিতরণের পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই কার্ডের মাধ্যমে কৃষকেরা মোবাইল ফোনে নিজেদের এলাকার বৃষ্টির পূর্বাভাস জানতে পারবেন। পাশাপাশি কৃষি উপকরণ, ফসলের বিমা ও ব্যাংকঋণ পাওয়ার সুবিধাও এতে যুক্ত করার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।
মঙ্গলবার (২০ অক্টোবর) রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে বিএনপি আয়োজিত জনসভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
তারেক রহমান বলেন, কৃষি ও কৃষকের উন্নয়ন ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়—এমন বিশ্বাস থেকেই কৃষক কার্ড চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। ক্ষুদ্র, মাঝারি, প্রান্তিক, ভূমিহীন ও বড় কৃষকদের তালিকা তৈরির কাজ চলছে। তালিকা প্রস্তুত হলে ধাপে ধাপে কৃষকদের হাতে কার্ড পৌঁছে দেওয়া হবে।
প্রধানমন্ত্রী জানান, কোনো কৃষক বছরে দুই বা তিনটি ফসল উৎপাদন করলে কৃষক কার্ডের মাধ্যমে অন্তত একটি ফসলের জন্য সার, বীজ ও কীটনাশকসহ প্রয়োজনীয় কৃষি উপকরণ সরবরাহের চেষ্টা করবে সরকার। এর মাধ্যমে কৃষকদের উৎপাদন খরচ ও আর্থিক চাপ কিছুটা কমানোর লক্ষ্য রয়েছে।
তারেক রহমান বলেন, কৃষক কার্ড ব্যবহার করে ফসলের বিমা করা এবং ব্যাংক থেকে সহজে ঋণ নেওয়ার সুযোগ রাখা হবে। এ ছাড়া মোবাইল ফোনের মাধ্যমে এলাকার আবহাওয়ার পূর্বাভাস জানা যাবে।
তাঁর ভাষ্য অনুযায়ী, আগামীকাল বৃষ্টি হবে কি না, তা জানতে পারলে কৃষকেরা বীজ বপন কিংবা জমিতে সার প্রয়োগের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারবেন। কৃষক কার্ডে এ ধরনের প্রায় ১০টি সুবিধা যুক্ত করার পরিকল্পনা রয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী।
Reporter Name 






















