
আনোয়ার হোসেন,নিজস্ব প্রতিনিধি : জলবায়ু ন্যায়বিচারের জন্য বিশ্বব্যাপী কর্মদিবস উপলক্ষে পটুয়াখালীর কলাপাড়ায় মানববন্ধন ও সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার, ১৫ নভেম্বর ২০২৫ সকাল ১০টায় আন্ধারমানিক নদীর তীরে হ্যালিপ্যাড মাঠে এ আয়োজন করা হয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি নেছারউদ্দিন আহমেদ টিপু, সাধারণ সম্পাদক অমল মুখার্জি, সাবেক সাধারণ সম্পাদক এস এম মোশাররফ হোসেন মিন্টু, পরিবেশ সংগঠক মেজবাহউদ্দিন মাননু, কামাল হাসান রনি, নজরুল ইসলাম এবং আমরা কলাপাড়াবাসী সংগঠনের সভাপতি নজরুল ইসলামসহ অন্যান্যরা।
আয়োজনটি পরিবেশবাদী সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটার কিপার্স বাংলাদেশ এবং আমরা কলাপাড়াবাসী স্বেচ্ছাসেবী সংগঠনের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয়। সাইকেল র্যালিতে শিক্ষার্থীসহ স্থানীয় পরিবেশ কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় ক্ষতিগ্রস্ত দেশগুলোকে ঋণের পরিবর্তে সরাসরি ক্ষতিপূরণ দিতে হবে। দেশের কৃষি উৎপাদন, মৎস্য খাত ও উপকূলীয় মানুষের জীবন-জীবিকা রক্ষায় এই ক্ষতিপূরণ যথাযথভাবে ব্যয় করতে হবে বলেও তারা জোর দাবি জানান।
বক্তাদের মতে, উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব দিন দিন বাড়ছে। তাই উপকূলের মানুষের জীবন, সম্পদ ও পরিবেশ সুরক্ষায় জলবায়ু ন্যায়বিচার প্রতিষ্ঠা এখন সময়ের দাবি।
আনোয়ার হোসেন,নিজস্ব প্রতিনিধি : 






















