
উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি, নড়াইল থেকে || 13 ফেব্রুয়ারি 2026
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইলের দুটি সংসদীয় আসনের মধ্যে নড়াইল-১ আসনে জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম (ধানের শীষ) এবং নড়াইল-২ আসনে জেলা জামায়াতের আমির মো. আতাউর রহমান বাচ্চু (দাঁড়িপাল্লা) বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টায় জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম ফলাফল ঘোষণা করেন।
ঘোষিত ফলাফলে নড়াইল-১ আসনে বিশ্বাস জাহাঙ্গীর আলম ১১২টি কেন্দ্রে (পোস্টাল ভোটসহ) ৯৯ হাজার ৯৭৫ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা জামায়াতের সেক্রেটারি ওবায়দুল্লাহ কায়সার দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে পান ৭৫ হাজার ২২৫ ভোট। এ আসনে মোট ভোট প্রদান করেন ১ লাখ ৮৮ হাজার ৭৫৫ জন ভোটার।
নড়াইল-২ আসনে মো. আতাউর রহমান বাচ্চু ১৪৮টি কেন্দ্রে (পোস্টাল ভোটসহ) ১ লাখ ১৮ হাজার ১৪২ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বিদ্রোহী প্রার্থী মো. মনিরুল ইসলাম (কলস) পান ৭৮ হাজার ৪৫৭ ভোট এবং ধানের শীষের প্রার্থী এ জেড এম ফরিদুজ্জামান ফরহাদ পান ৪৫ হাজার ৪৬৩ ভোট। এ আসনে মোট ভোট দেন ২ লাখ ৫২ হাজার ৭৮১ জন ভোটার।
নড়াইল-২ আসনে এ জেড এম ফরিদুজ্জামান ফরহাদ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও পরাজিত হয়েছেন। এর আগে তিনি নবম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে হেরে যান। নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের এস কে আবু বাকের ১ লাখ ২৫ হাজার ৪৫৮ ভোট পেয়ে নির্বাচিত হন; তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির শরীফ খসরুজ্জামান পান ৬৯ হাজার ৬৫৭ ভোট। এছাড়া খেলাফত মজলিসের ইমরানুজ্জামান পান ১১ হাজার ২৫৩ ভোট, ইসলামী আন্দোলনের এস এম নাসির উদ্দিন ২ হাজার ৪০৮ ভোট, লিবারেল ডেমোক্রেটিক পার্টির দিলীপ কুমার অধিকারী ৫৭৫ ভোট এবং ন্যাশনাল পিপলস পার্টি থেকে অংশ নিয়ে এ জেড এম ফরিদুজ্জামান ফরহাদ পান ২৯২ ভোট।
দশম জাতীয় সংসদ নির্বাচনে তিনি অংশ নেননি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মাশরাফি বিন মুর্তজা ২ লাখ ৭১ হাজার ২১০ ভোট পেয়ে নির্বাচিত হন; তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এ জেড এম ফরিদুজ্জামান ফরহাদ পান ৭ হাজার ৮৮৩ ভোট। এছাড়া ইসলামী আন্দোলনের এস এম নাসিরউদ্দিন পান ২ হাজার ৩১৫ ভোট এবং জাতীয় পার্টির খন্দকার ফায়েকুজ্জামান পান ২১১ ভোট।
Reporter Name 























