
রাজিব সরকার, কচুয়া প্রতিনিধি:
কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বারৈয়ারা উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন বিদ্যালয়টির সাবেক প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম। দীর্ঘ ৩৯ বছরের শিক্ষকতা জীবন শেষে অবসরে যাওয়ার পর সম্প্রতি তিনি এ দায়িত্ব লাভ করেন।
জানা যায়, জুয়াড়িখোলা গ্রামের বাসিন্দা হাজী মোঃ ছিদ্দিকুর রহমানের সন্তান মোঃ নজরুল ইসলাম ১৯৮৮ সালে সহকারী শিক্ষক হিসেবে বারৈয়ারা উচ্চ বিদ্যালয়ে যোগদান করেন। কর্মজীবনে তিনি ১৯৯৬ সালে সহকারী প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ২০০৮, ২০১৩ ও ২০২৪ সালে বিভিন্ন মেয়াদে সুনামের সঙ্গে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন।
শিক্ষকতা জীবনের পাশাপাশি তিনি শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক শিক্ষায় বিশেষ অবদান রাখেন। ২০২৩ সালে পবিত্র হজ পালন করেন এই গুণী শিক্ষক। ২০২৫ সালে ৩৯ বছরের বর্ণাঢ্য শিক্ষকতা জীবনের সমাপ্তি ঘটে তার।
সভাপতি নির্বাচিত হওয়ার পর প্রতিক্রিয়ায় মোঃ নজরুল ইসলাম বলেন,
“বারৈয়ারা উচ্চ বিদ্যালয়ের সঙ্গে আমার জীবনের দীর্ঘ সময় জড়িয়ে রয়েছে। এই প্রতিষ্ঠানের প্রতিটি ধূলিকণার সঙ্গে আমার অসংখ্য স্মৃতি জড়িত। বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে আমি সবসময় কাজ করে যেতে চাই।”
তিনি আরও বলেন, এ দায়িত্ব দেওয়ায় সাবেক ও বর্তমান শিক্ষামন্ত্রী ড. আ. ন. ম. এহসানুল হক মিলনের প্রতি তিনি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছেন। পাশাপাশি বিদ্যালয়টিকে একটি আদর্শ বিদ্যাপীঠ হিসেবে গড়ে তুলতে স্থানীয় এলাকাবাসী, শিক্ষক ও অভিভাবকদের সহযোগিতা ও দোয়া কামনা করেন।
Reporter Name 




























