
তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের খাদ্য ব্যয় কমাতে বিশেষ ওএমএস (ওপেন মার্কেট সেল) কার্যক্রম চালু করেছে সরকার। শুক্রবার (১৩ নভেম্বর) থেকে প্রাথমিকভাবে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে ট্রাকের মাধ্যমে ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি শুরু হয়েছে।
খাদ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এ কর্মসূচির আওতায় একজন পোশাকশ্রমিক প্রতি মাসে সর্বোচ্চ ১০ কেজি চাল কিনতে পারবেন। প্রাথমিকভাবে তিন মাস এ কার্যক্রম চলবে।
যেসব এলাকায় চাল বিক্রি হবে
প্রাথমিক পর্যায়ে যেসব এলাকায় এ কর্মসূচি চালু হয়েছে—
- ঢাকা মহানগর ও ঢাকা জেলার অন্যান্য এলাকা।
- গাজীপুর জেলা।
- নারায়ণগঞ্জ জেলা।
- চট্টগ্রাম মহানগর ও জেলার অন্যান্য এলাকা।
কখন চাল পাওয়া যাবে?
প্রতি শুক্রবার তৈরি পোশাকশিল্পের সাপ্তাহিক ছুটির দিনে ট্রাকের মাধ্যমে চাল বিক্রি করা হবে। বিক্রির সময়সূচি—
- সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা।
- বিকেল আড়াইটা থেকে ৫টা পর্যন্ত।
তবে চালের মজুত থাকা সাপেক্ষে বিক্রি কার্যক্রম চলবে।
চাল কিনতে যা লাগবে
এ কর্মসূচির আওতায় চাল কিনতে হলে শ্রমিকদের নিজ নিজ গার্মেন্টস প্রতিষ্ঠানের পরিচয়পত্র দেখাতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাস্টার রোলে তাঁদের স্বাক্ষর নেওয়ার মাধ্যমে চাল বিক্রি করা হবে।
কত চাল বিক্রি হবে?
খাদ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, মোট ৭৫টি খোলা ট্রাকের মাধ্যমে এ কার্যক্রম পরিচালিত হবে। প্রতিটি ট্রাকে পাঁচ টন করে মোট ৩৭৫ টন চাল বিক্রির পরিকল্পনা রয়েছে।
খাদ্য অধিদপ্তরের সার্বিক ব্যবস্থাপনায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। কার্যক্রমের স্বচ্ছতা ও সুষ্ঠু বাস্তবায়ন নিশ্চিত করতে খাদ্য মন্ত্রণালয় এবং খাদ্য অধিদপ্তরের পক্ষ থেকে পৃথক মনিটরিং টিম গঠন করা হয়েছে।
সরকারের এ উদ্যোগের ফলে তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের খাদ্য ব্যয় কিছুটা কমবে এবং তাঁদের জন্য সাশ্রয়ী মূল্যে চাল কেনার সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।
সূত্র: খাদ্য মন্ত্রণালয়
Reporter Name 




























