তারল্য পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় ন্যাশনাল ব্যাংককে গ্রাহকদের চাহিদা অনুযায়ী আমানতের টাকা ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আগামী ১৫ অক্টোবর থেকে গ্রাহকরা যাতে প্রয়োজন অনুযায়ী অর্থ তুলতে পারেন, সে ব্যবস্থা নিশ্চিত করতে বলা হয়েছে।
বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান এ নির্দেশনা দেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ন্যাশনাল ব্যাংক পিএলসির চেয়ারম্যান মেলিতা মেহজাবীন ও ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক জাহিদুল হক বৃহস্পতিবার সকালে বাংলাদেশ ব্যাংকে গভর্নরের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় গ্রাহকদের চাহিদা অনুযায়ী অর্থ উত্তোলনের সুযোগ নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন গভর্নর।
একই সঙ্গে ব্যাংকটির সব শাখা ও এটিএম বুথে পর্যাপ্ত নগদ অর্থ সরবরাহ নিশ্চিত করতেও নির্দেশনা দেওয়া হয়েছে।
ঋণ অনিয়ম ও অনাদায়ী খেলাপি ঋণের চাপে কয়েক বছর ধরে লোকসানে রয়েছে ন্যাশনাল ব্যাংক। দীর্ঘদিনের তারল্য সংকটের কারণে ব্যাংকটি গ্রাহকদের চাহিদা অনুযায়ী অর্থ দিতে পারছিল না। এতে আমানত সংগ্রহও কমে যায় এবং ব্যাংকটির আর্থিক সংকট আরও তীব্র হয়।
বর্তমানে সংকট মোকাবিলায় বাংলাদেশ ব্যাংকের তারল্য সহায়তার ওপর নির্ভর করে কার্যক্রম চালাচ্ছে ন্যাশনাল ব্যাংক।
Reporter Name 























