
মোঃ আব্দুল আউয়াল খান,
স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ
ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৬০ হাজার টাকার জাল নোটসহ সংঘবদ্ধ জাল টাকা চক্রের দুই নারী সদস্যকে আটক করা হয়েছে।
জেলা পুলিশ সুপারের সার্বিক তত্ত্বাবধানে এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), ডিবির ওসি (উত্তর) ও ওসি (দক্ষিণ)-এর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি চৌকস টিম এ অভিযান পরিচালনা করে।
গত ৭ মে ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ২টা ১৫ মিনিটে ময়মনসিংহ জেলার কোতোয়ালী মডেল থানাধীন শম্ভুগঞ্জ এলাকা থেকে ৬০ হাজার টাকার জাল নোটসহ দুই নারীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—
১। পারুল বেগম (২৮), পিতা: মোঃ জাফর আলী (সিদ্দিক), মাতা: রুমেলা আক্তার, সাং- গলকুন্ডা (তেলুয়ারি) স্টেশনের পিছনে, আঠারবাড়ী, থানা- ঈশ্বরগঞ্জ, জেলা- ময়মনসিংহ (ভাসমান)।
২। রুবি আক্তার (২৫), পিতা: মৃত সিদ্দিক আলী, মাতা: নুরেছা খাতুন, স্থায়ী ঠিকানা- বলাইশিমুল দক্ষিণপাড়া, থানা- কেন্দুয়া, জেলা- নেত্রকোনা। বর্তমান ঠিকানা- গাঙ্গিনাপাড় বাইদ্যা পাড়া, থানা- কোতোয়ালী, জেলা- ময়মনসিংহ (ভাসমান)।
পুলিশ জানায়, একটি সংঘবদ্ধ অসাধু চক্র আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন কৌশলে জাল টাকার নোট তৈরি করে বাজারে ছড়িয়ে দিচ্ছে— এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়।
ডিবি সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত দুই নারী জাল টাকার নোট ক্রয়-বিক্রয়কারী সংঘবদ্ধ চক্রের সক্রিয় সদস্য। তারা আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাজারে ছাড়ার জন্য দেশের বিভিন্ন স্থান থেকে জাল নোট সংগ্রহ করেছিলেন।
এছাড়া গ্রেফতারকৃত রুবি আক্তারের বিরুদ্ধে একই অভিযোগে পূর্বে আরও দুটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
উদ্ধারকৃত জাল নোটের ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে সংঘবদ্ধ জাল টাকা চক্রের সঙ্গে জড়িত ছিল। এ চক্রের সঙ্গে সম্পৃক্ত অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ডিবি পুলিশের এ সফল অভিযানে জনমনে স্বস্তি ফিরে এসেছে এবং আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থা আরও সুদৃঢ় হয়েছে।
Reporter Name 






















