আবু নাঈম রিপন, নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীর শিবপুরে প্রয়োজনীয় লাইসেন্স ছাড়া ডায়াগনস্টিক সেন্টার পরিচালনার দায়ে শিবপুর ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠানটি সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১২ অক্টোবর) শিবপুর উপজেলার সদর রোডে অবস্থিত শিবপুর ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন শিবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সামিউর রহমান।
অভিযান সূত্রে জানা যায়, প্রয়োজনীয় লাইসেন্স ছাড়া ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতাল পরিচালনার দায়ে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়।
অভিযানে সার্বিক সহযোগিতা করেন শিবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ মোসতানশির বিল্লাহ এবং শিবপুর থানা পুলিশের একটি দল।
স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে প্রয়োজনীয় অনুমোদন ও লাইসেন্স নিশ্চিত করার লক্ষ্যে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
Reporter Name 




























