স্বামীর আর্থিক সামর্থ্য থাকা সত্ত্বেও দেনমোহর পরিশোধ না করে স্ত্রীকে তা আদায়ের জন্য আদালতের দ্বারস্থ হতে বাধ্য করলে, পারিবারিক আদালত বিবেচনাধিকার প্রয়োগ করে স্ত্রীকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিতে পারবেন। এমন পর্যবেক্ষণ দিয়েছেন হাইকোর্ট।
‘ইয়াকুব আলী বনাম সানজিদা নাসরিন’ দেওয়ানি রিভিশন মামলায় গত ৩ সেপ্টেম্বর বিচারপতি মো. আব্দুর রহমানের একক বেঞ্চ এ রায় দেন। ৩২ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায়ের অনুলিপি মঙ্গলবার (৬ অক্টোবর) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
রায়ে হাইকোর্ট বলেন, মুসলিম পারিবারিক আইনে স্ত্রীর সম্মতি ছাড়া নিকাহনামায় ‘বিলম্বিত দেনমোহর’ চাপিয়ে দেওয়ার সুযোগ নেই। স্ত্রী দেনমোহর দাবি করলে তা ‘তৎক্ষণাৎ প্রদেয় দেনমোহর’ হিসেবে গণ্য হবে এবং তা অবিলম্বে পরিশোধযোগ্য।
দেনমোহর ও খোরপোশ সংক্রান্ত পারিবারিক আদালতের একটি রায়ের বিরুদ্ধে স্বামীর করা দেওয়ানি রিভিশন আবেদন খারিজ করে হাইকোর্ট এ সিদ্ধান্ত দেন।
মামলার নথি অনুযায়ী, ২০১৪ সালের ১৯ ডিসেম্বর ইয়াকুব আলীর সঙ্গে সানজিদা নাসরিনের বিয়ে হয়। নিকাহনামায় দেনমোহর নির্ধারণ করা হয়েছিল ২২ লাখ টাকা। তাঁদের একটি কন্যাসন্তান রয়েছে। ২০১৭ সালে স্ত্রীকে বাড়ি থেকে বের করে দেওয়ার পর স্বামী তাকে তালাক দেন। পরে ২০১৯ সালে দেনমোহর ও খোরপোশ আদায়ে মামলা করেন সানজিদা।
চট্টগ্রামের পারিবারিক আদালত দেনমোহর বাবদ ১৮ লাখ টাকা, ইদ্দতকালীন খোরপোশ ৩০ হাজার টাকা এবং সন্তানের বকেয়া খোরপোশ ২ লাখ ১০ হাজার টাকা পরিশোধের নির্দেশ দেন। পাশাপাশি সন্তানকে মাসে ৭ হাজার টাকা খোরপোশ দেওয়ার নির্দেশ দেওয়া হয়, যা প্রতিবছর ১০ শতাংশ হারে বাড়বে।
স্বামী দাবি করেছিলেন, তিনি ইতোমধ্যে ৫ লাখ ৬৫ হাজার টাকা পরিশোধ করেছেন এবং বাকি অর্থ কিস্তিতে দেওয়ার সুযোগ চান। তবে হাইকোর্ট পারিবারিক আদালতের রায় বহাল রেখে তাঁর রিভিশন আবেদন খারিজ করে দেন।
আদালত আরও বলেন, দেনমোহর স্ত্রীর আইনগত অধিকার। স্বামী তা পরিশোধে সক্ষম হওয়া সত্ত্বেও ইচ্ছাকৃতভাবে গড়িমসি করে স্ত্রীকে আদালতে যেতে বাধ্য করলে, পারিবারিক আদালত পরিস্থিতি বিবেচনায় ক্ষতিপূরণের নির্দেশ দিতে পারবেন।
তবে স্ত্রী চাইলে স্বেচ্ছায় দেনমোহরের পুরো বা কোনো অংশ মওকুফ করতে পারেন। এ ক্ষেত্রে তাঁর সিদ্ধান্ত যে স্বতঃস্ফূর্ত, সচেতন এবং কোনো ধরনের চাপ, প্রতারণা বা প্রভাবমুক্ত ছিল—তা প্রমাণিত হতে হবে।
Reporter Name 



























