
মিরু হাসান, বগুড়া প্রতিনিধি
বগুড়ার আদমদীঘিতে উপজেলা প্রশাসন ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর প্রথম রাউন্ডের চতুর্থ ম্যাচে নসরতপুর ইউনিয়ন পরিষদকে ৪-০ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে সান্তাহার পৌরসভা।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় সান্তাহার আধুনিক স্টেডিয়ামে উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ম্যাচটি অনুষ্ঠিত হয়। খেলার শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে সান্তাহার পৌরসভা। একের পর এক আক্রমণে নসরতপুর ইউনিয়ন পরিষদের রক্ষণভাগে চাপ সৃষ্টি করে দলটি। শেষ পর্যন্ত ৪-০ গোলের বড় ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে সান্তাহার পৌরসভা।
খেলা শেষে মাঠে নেমে বিজয়ী দলের খেলোয়াড়দের স্বাগত জানান সান্তাহার পৌরসভার প্রশাসক মাসুমা বেগম ও সহকারী প্রকৌশলী মনিরুজ্জামান তালুকদার।
এ জয়ের ফলে টুর্নামেন্টের সেমিফাইনালে আগামী ১৫ অক্টোবর বিকেল সাড়ে ৩টায় আদমদীঘি ঈশ্বর পূর্ণ জয় পাইলট উচ্চবিদ্যালয় মাঠে চাঁপাপুর ইউনিয়ন পরিষদের মুখোমুখি হবে সান্তাহার পৌরসভা। এ ছাড়া আগামী ১৩ অক্টোবর বিকেল ৪টায় একই মাঠে অপর সেমিফাইনালে মুখোমুখি হবে ছাতিয়ানগ্রাম ইউনিয়ন পরিষদ ও আদমদীঘি সদর ইউনিয়ন পরিষদ।
এর আগে গত সোমবার (৫ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় ঈশ্বর পূর্ণ জয় পাইলট উচ্চবিদ্যালয় মাঠে আটটি দলের অংশগ্রহণে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুমা বেগম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার।
অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম, থানার পরিদর্শক শহিদুল ইসলাম, উপজেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি আব্দুল মুত্তাকিন তালুকদার মুক্তা, সাধারণ সম্পাদক আবু হাসান, জেলা বিএনপির সমাজকল্যাণ সম্পাদক মাহফুজুল হক টিকন, উপজেলা যুবদলের আহ্বায়ক মিনহাজ এবং উপজেলা ক্রীড়া সম্পাদক শাহিনসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
টুর্নামেন্টের উদ্বোধনকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দেয়। প্রতিটি ম্যাচে দর্শকদের উপস্থিতিতে মাঠে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হচ্ছে।
Reporter Name 

























