
মুহাম্মদ বাদশা ভূঁইয়া, চাঁদপুর প্রতিনিধি।।
চাঁদপুর সদর উপজেলা ভূমি কর্তৃপক্ষের সঙ্গে সচেতন নাগরিক কমিটি (সনাক) ও অ্যাকটিভ সিটিজেন গ্রুপ (এসিজি)-এর এক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৪ মে) বিকেল ৪টায় সহকারী কমিশনার (ভূমি)-এর কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সনাক সভাপতি মোঃ আলমগীর পাটওয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বাপ্পি দত্ত রণি।
প্রধান অতিথির বক্তব্যে বাপ্পি দত্ত রণি বলেন, সদর উপজেলার পাশাপাশি সকল ইউনিয়ন ভূমি অফিসেও ভূমিসেবা সহজীকরণের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। ভূমিসেবা প্রদানের ক্ষেত্রে যেসব ত্রুটি পরিলক্ষিত হয়, সেগুলো সনাক ও এসিজি নিয়মিতভাবে তুলে ধরছে এবং এসব সমস্যা পর্যায়ক্রমে সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
তিনি বলেন, নামজারি-সংক্রান্ত সেবাগুলো ধারাবাহিকভাবে উন্নত করা হচ্ছে এবং বর্তমানে চাঁদপুর সদর উপজেলা জেলায় দ্রুততম সময়ে নামজারি সেবা প্রদানের ক্ষেত্রে অগ্রগামী। গড়ে মাত্র ১০ দিনের মধ্যেই নামজারি সেবা প্রদান করা হচ্ছে বলে উল্লেখ করেন তিনি।
সহকারী কমিশনার (ভূমি) আরও বলেন, প্রত্যেকটি নামজারির যথাযথ নিষ্পত্তি করা হচ্ছে, যার ফলে ভবিষ্যতে মিসকেস রিভিউয়ের প্রয়োজন অনেকাংশে কমে আসবে। তিনি জানান, সদর উপজেলা ভূমি অফিসে দালাল বা তৃতীয় পক্ষের কোনো সুযোগ নেই। সেবাগ্রহীতাদের সরাসরি অফিসের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, অন্য কোনো ব্যক্তি বা পক্ষের মাধ্যমে সেবা নিতে গেলে প্রতারিত হওয়ার আশঙ্কা রয়েছে।
তিনি আরও বলেন, বর্তমানে ভূমিসেবা বিষয়ে তথ্যের কোনো ঘাটতি নেই। অফিসে সিটিজেন চার্টারসহ প্রয়োজনীয় সকল তথ্য হালনাগাদ করে টানানো রয়েছে। এ ধরনের জনসচেতনতামূলক সভা আয়োজনের জন্য তিনি সনাক ও এসিজিকে ধন্যবাদ জানান।
টিআইবির এরিয়া কো-অর্ডিনেটর মোঃ মাসুদ রানার সঞ্চালনায় সভাপতির বক্তব্যে সনাক সভাপতি মোঃ আলমগীর পাটওয়ারী বলেন, সদর উপজেলা ভূমি অফিসে হয়রানিমুক্ত সেবা নিশ্চিতকরণে ইতিবাচক অগ্রগতি হলেও ইউনিয়ন ভূমি অফিসগুলোর সেবাও আরও কার্যকর ও জনবান্ধব করতে হবে। বর্তমান ভূমি কর্তৃপক্ষ আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করছে বলেও তিনি মন্তব্য করেন।
তিনি বলেন, সেবাগ্রহীতাদেরও সচেতন হতে হবে। দ্রুত সেবা পাওয়ার আশায় অনেক সময় তারা ভুল পথে পা বাড়ান। ভূমি খাতে সুশাসন প্রতিষ্ঠা ও সেবা সহজীকরণে এসিজি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সনাকের সাবেক সভাপতি কাজী শাহাদাত বলেন, সনাক পারস্পরিক আলোচনা ও সহযোগিতার মাধ্যমে ভূমিখাতের বিভিন্ন সমস্যার সমাধানে কাজ করে আসছে। ভবিষ্যতে চিহ্নিত সমস্যা ও ইস্যুগুলো আরও বেশি প্রমাণভিত্তিকভাবে উপস্থাপনের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।
সভায় কমিউনিটি অ্যাকশন মিটিং থেকে প্রাপ্ত বিভিন্ন সমস্যা ও সুপারিশ তুলে ধরেন টিআইবির এরিয়া কো-অর্ডিনেটর মোঃ মাসুদ রানা।
এছাড়াও আলোচনায় অংশ নেন সনাকের সহ-সভাপতি অ্যাডভোকেট পলাশ মজুমদার, সনাক সদস্য মোঃ খোরশেদ আলম পাটওয়ারী, এসিজি (ভূমি)-এর সমন্বয়ক উজ্জ্বল হোসাইন, সহ-সমন্বয়ক অভিজিৎ রায়, গ্রুপ সদস্য সাইফুল ইসলাম আকাশ, মোঃ বাদশা ভূঁইয়া, শাহ আমানত উল্লাহ ও খোদেজা বেগম।
সভায় আরও উপস্থিত ছিলেন ইয়েস দলনেতা জান্নাতুল ফেরদৌস, উম্মে হাবিবা এবং টিআইবির কর্মীবৃন্দ।
Reporter Name 
























