অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ শুরুর ঠিক আগমুহূর্তে বাংলাদেশ টেস্ট দলে জায়গা পেয়েছেন অভিজ্ঞ ব্যাটার ও উইকেটকিপার লিটন দাস। শনিবার (১ আগস্ট) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
পায়ের চোট থেকে পুরোপুরি সেরে উঠতে না পারায় অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের ঘোষিত দলে ছিলেন না লিটন। এরই মধ্যে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ দলের প্রথম বহর অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা দিয়েছে। তবে পুনর্বাসন প্রক্রিয়ায় দ্রুত উন্নতি হওয়ায় শেষ মুহূর্তে তাকে স্কোয়াডে যুক্ত করা হয়েছে।
বিসিবি জানিয়েছে, বাম পায়ের কাফের চোট থেকে সেরে ওঠার পর লিটনকে প্রথম টেস্টের জন্য বিবেচনায় নেওয়া হয়েছে। ৩১ বছর বয়সী এই ব্যাটার গত জুন থেকে চোটের কারণে মাঠের বাইরে ছিলেন।
বিসিবির বিবৃতিতে বলা হয়, পুনর্বাসন প্রক্রিয়ায় সন্তোষজনক অগ্রগতি হওয়ায় লিটন দাসকে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। রোববার (২ আগস্ট) ডারউইনের উদ্দেশে রওনা হয়ে সেখানে দলের সঙ্গে যোগ দেবেন তিনি।
বাংলাদেশ দলের সঙ্গে যোগ দেওয়ার পর লিটনের ফিটনেস মূল্যায়ন করা হবে। সবকিছু ঠিক থাকলে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টেই মাঠে নামার সুযোগ পেতে পারেন এই অভিজ্ঞ ক্রিকেটার।
Reporter Name 



























