
আমির হোসেন হৃদয়, সুনামগঞ্জ প্রতিনিধি:
কারিতাস বাংলাদেশ এর ELSRP প্রকল্পের আওতায় জামালগঞ্জ সদর ইউনিয়নের উজান লালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ত্রৈমাসিক ফেডারেশন সভা অনুষ্ঠিত হয়। সকাল ১০:০০ সময়ে সভাস্থলে ফেডারেশনের সদস্যবৃন্দ উপস্থিত হতে থাকেন এবং এক আন্তরিক ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। বিদ্যালয়ের হলরুমে সাজানো ব্যানার ও আসনবিন্যাস সভার গুরুত্বকে আরও বৃদ্ধি করে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারিতাস জামালগঞ্জ উপজেলার ELSRP প্রকল্পের জুনিয়র কর্মসূচি কর্মকর্তা মি. স্বপন নায়েক। তিনি তাঁর বক্তব্যে স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন উচ্চস্থানে স্থাপন এবং নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করার উপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, পরিবারের সুস্বাস্থ্য রক্ষায় নিরাপদ স্যানিটেশন ব্যবস্থা অত্যন্ত জরুরি। ল্যাট্রিন অবশ্যই বন্যামুক্ত ও উঁচু স্থানে স্থাপন করতে হবে, যাতে বর্ষাকালে কোনো প্রকার দূষণ ছড়িয়ে না পড়ে। এছাড়াও তিনি হাত ধোয়ার অভ্যাস, বিশুদ্ধ পানি ব্যবহার এবং বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। কৃষি বিষয়ক আলোচনায় তিনি মাঠ ফসল চাষের আধুনিক পদ্ধতি, উন্নত মানের বীজ ব্যবহার এবং জৈব সার প্রয়োগের উপকারিতা তুলে ধরেন। তিনি সদস্যদের উদ্দেশ্যে বলেন, জমির সঠিক ব্যবহার ও সময়োপযোগী পরিচর্যার মাধ্যমে অধিক ফলন সম্ভব। পাশাপাশি বসতভিটায় সবজি চাষে আগ্রহী হওয়ার জন্য তিনি সবাইকে আহ্বান জানান।
সভায় সভাপতিত্ব করেন ফেডারেশনের সভাপতি মোছা: রোজিনা বেগম। তিনি তাঁর বক্তব্যে সদস্যদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং কারিতাস বাংলাদেশের চলমান কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন। সভা সঞ্চালনা করেন ELSRP প্রকল্পের ফিল্ড ফ্যাসিলিটেটর (FF) জামিল হোসেন। তিনি ধারাবাহিকভাবে আলোচ্যসূচি উপস্থাপন করেন এবং সদস্যদের মতামত গ্রহণ করেন।
সভায় ফেডারেশনের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। উন্মুক্ত আলোচনায় সদস্যরা তাদের সমস্যা, সম্ভাবনা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। পরিশেষে সভাপতি সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।
Reporter Name 























