
নিজস্ব প্রতিবেদক: দেশের প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সংবাদকর্মীদের সঙ্গে সৌজন্য চা-চক্র ও মতবিনিময় সভা করেছে আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ। বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ১০টায় রাজধানীতে আল-হাইআতুল উলয়ার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
আল-হাইআতুল উলয়ার চেয়ারম্যান মুহিউসসুন্নাহ আল্লামা মাহমুদুল হাসানের নির্দেশক্রমে আয়োজিত এ সভায় কওমি মাদরাসা শিক্ষা, এর বর্তমান পরিস্থিতি, গণমাধ্যমের ভূমিকা এবং পারস্পরিক সহযোগিতাসহ বিভিন্ন বিষয়ে খোলামেলা আলোচনা ও মতবিনিময় হয়।
সভায় সূচনা বক্তব্য দেন আল-হাইআতুল উলয়ার সদস্য হযরত মাওলানা মাহফুজুল হক। এ সময় আল-হাইআতুল উলয়ার সদস্য হযরত মাওলানা মুছলেহ উদ্দিন রাজু, হযরত মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া, মাওলানা মুফতি এনামুল হক (বসুন্ধরা) এবং অফিস ব্যবস্থাপক মু. অছিউর রহমান উপস্থিত ছিলেন।
আলোচনায় আল-হাইআতুল উলয়ার সদস্যরা কওমি মাদরাসা শিক্ষার পরিচয়, বৈশিষ্ট্য ও স্বকীয়তা এবং আল-হাইআতুল উলয়া ও এর অধীন ছয়টি শিক্ষা বোর্ডের কার্যক্রম সম্পর্কে গণমাধ্যমকর্মীদের অবহিত করেন। পাশাপাশি সাম্প্রতিক বিভিন্ন প্রাসঙ্গিক বিষয়ে আল-হাইআতুল উলয়ার অবস্থান তুলে ধরেন তারা।
সভায় বক্তারা বলেন, জাতি গঠন, সত্য ও ন্যায় প্রতিষ্ঠা এবং জনসচেতনতা সৃষ্টিতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কওমি মাদরাসা শিক্ষা সংশ্লিষ্ট বিষয়ে সংবাদ প্রকাশের ক্ষেত্রে তথ্য যাচাই, সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য গ্রহণ এবং বস্তুনিষ্ঠতা বজায় রাখার জন্য গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়।
মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকরা বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেন এবং নিজেদের মতামত ও পরামর্শ তুলে ধরেন। তারা আল-হাইআতুল উলয়ার এ ধরনের সৌহার্দ্যপূর্ণ উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
সভায় বিভিন্ন গণমাধ্যমের ১২ জন সংবাদকর্মী অংশ নেন। তাদের মধ্যে ছিলেন ঢাকা মেইল ডটকমের প্রধান বার্তা সম্পাদক জহির উদ্দীন বাবর, শীলন বাংলার সম্পাদক মাসউদুল কাদির, আওয়ার ইসলামের সম্পাদক হুমায়ুন আইয়ুব, সময় টেলিভিশনের অ্যাসোসিয়েট জয়েন্ট নিউজ এডিটর মুফতি আবদুল্লাহ তামীম, গ্লোবাল টেলিভিশনের সাব-এডিটর জামিল আহমদ, এশিয়া পোস্টের হেড অব ইসলাম রায়হান রাশেদ, দৈনিক নয়াদিগন্তের সাব-এডিটর বেলায়েত হোসাইন, দৈনিক কালবেলার হেড অব ইসলাম আবু তালহা রায়হান, আজকের পত্রিকার সাব-এডিটর কাউসার লাবীব, বাংলা পোস্টের সাব-এডিটর হাসান আল মাহমুদ, এনপিবির সাব-এডিটর জাওয়াদ আহমদ এবং ফেস দ্য পিপলের স্টাফ রিপোর্টার রাকিবুল ইসলাম রইস।
আল-হাইআতুল উলয়ার পক্ষ থেকে জানানো হয়, কওমি মাদরাসা শিক্ষা ও সংশ্লিষ্ট বিষয়ে সঠিক ও যাচাইকৃত তথ্য দিয়ে গণমাধ্যমকে সহযোগিতা করতে প্রতিষ্ঠানটির দ্বার সবসময় উন্মুক্ত। ভবিষ্যতেও গণমাধ্যমকর্মীদের সঙ্গে নিয়মিত মতবিনিময় ও যোগাযোগ অব্যাহত থাকবে।
পরিশেষে সভায় অংশগ্রহণকারী সব গণমাধ্যমকর্মীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। পরে দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
Reporter Name 



























