
শাকিল হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় গাজীপুর-১ আসনের আওতাধীন গ্রামীণ অবকাঠামো উন্নয়নে প্রায় ১৬০০ কোটি টাকার প্রস্তাবিত প্রকল্পের আওতায় ইউনিয়নভিত্তিক স্কিম নির্বাচনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৪ মে) উপজেলা হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
জানা গেছে, গাজীপুর সিটি কর্পোরেশনের ১৮টি ওয়ার্ড এবং কালিয়াকৈর উপজেলার ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত গাজীপুর-১ আসন। দীর্ঘদিন ধরে এ অঞ্চলের বিভিন্ন এলাকায় রাস্তাঘাট ও জনকল্যাণমূলক উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন থেকে অনেকাংশে বঞ্চিত ছিল স্থানীয় জনগণ। এসব এলাকার উন্নয়ন নিশ্চিত করতে বৃহৎ এই প্রকল্প প্রস্তাবনা নেওয়া হয়েছে।
প্রস্তাবিত প্রকল্পের আওতায় ইউনিয়নভিত্তিক স্কিম নির্বাচন সংক্রান্ত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন কালিয়াকৈর উপজেলার নির্বাহী কর্মকর্তা এ এইচ এম ফখরুল হোসাইন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান।
সভায় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির শ্রম বিষয়ক সহ-সম্পাদক হুমায়ুন কবীর খান, কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক পারভেজ আহমেদসহ উপজেলা বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
এ সময় এলাকার যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন, রাস্তাঘাট নির্মাণ এবং জনকল্যাণমূলক বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
Reporter Name 






















