প্রধানমন্ত্রী তারেক রহমান আজ রোববার চট্টগ্রাম ও কক্সবাজার সফর করবেন। ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর এটি তার প্রথম চট্টগ্রাম সফর।
সফরসূচি অনুযায়ী, রোববার সকালে হেলিকপ্টারে ঢাকা থেকে কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ীর উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। তার সফরকে ঘিরে চট্টগ্রাম ও কক্সবাজারে বিভিন্ন প্রস্তুতি নেওয়া হয়েছে।
সকাল সাড়ে ১০টার দিকে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের (মিডা) কার্যক্রম পরিদর্শন করার কথা রয়েছে তার।
এরপর সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন কার্যক্রমের অংশ হিসেবে বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে আয়োজিত একটি অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী।
পরে দুপুর দেড়টার দিকে চট্টগ্রামের ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদরাসায় যাবেন তিনি। সেখানে আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে। এরপর মরহুম আল্লামা শাহ আহমদ শফীর কবর জিয়ারত করবেন প্রধানমন্ত্রী।
সফরসূচি অনুযায়ী, বিকেল পৌনে ৪টার দিকে হাটহাজারী জেলা পরিষদ ডাকবাংলোয় কিছু সময়ের জন্য বিরতি নেবেন তিনি।
পরে বিকেল ৫টায় হাটহাজারী সরকারি কলেজ মাঠে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
দিনের শেষ কর্মসূচি হিসেবে সন্ধ্যায় চট্টগ্রামের একটি হোটেলে আয়োজিত সাংগঠনিক সভায় অংশ নেবেন তারেক রহমান। সব কর্মসূচি শেষে রাতেই ঢাকার উদ্দেশে চট্টগ্রাম ত্যাগ করার কথা রয়েছে তার।
Reporter Name 





















