ভারত নিজেদের পররাষ্ট্রনীতি অনুযায়ী সিদ্ধান্ত নেবে, বাংলাদেশও দেশের জাতীয় স্বার্থ ও নিজস্ব পররাষ্ট্রনীতির ভিত্তিতে সিদ্ধান্ত নেবে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
তিনি বলেন, “ভারত চলবে ভারতের মতো, বাংলাদেশ চলবে বাংলাদেশের মতো।”
শনিবার (২৯ আগস্ট) বেলা ১১টার দিকে ঝিনাইদহ কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মক্কা চুক্তি নিয়ে সিদ্ধান্ত পরে
মক্কা চুক্তিতে বাংলাদেশ যুক্ত হবে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, বিষয়টি নিয়ে সবকিছু বিবেচনা করেই সরকার সিদ্ধান্ত নেবে।
ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, ভারত তাদের নিজস্ব পররাষ্ট্রনীতির আলোকে সিদ্ধান্ত নেবে। একইভাবে বাংলাদেশও জাতীয় স্বার্থ ও পররাষ্ট্রনীতিকে গুরুত্ব দিয়ে নিজেদের সিদ্ধান্ত নেবে।
আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে কাজ করছে সরকার
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন করা হলে আইনমন্ত্রী বলেন, পরিস্থিতি নিয়ে সরকার সন্তুষ্ট কি না, সেটিই মূল বিষয় নয়। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
তিনি বলেন, দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলো কাজ করছে।
এক বছরের মধ্যে ই-জুডিশিয়ারি
বিচার বিভাগের ডিজিটালাইজেশন নিয়ে আইনমন্ত্রী জানান, ই-জুডিশিয়ারি বাস্তবায়নে সরকার ও আইন মন্ত্রণালয় কাজ করছে।
তিনি বলেন, আগামী এক বছরের মধ্যে ই-জুডিশিয়ারি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে সরকারের। এর মাধ্যমে বিচারিক কার্যক্রম আরও আধুনিক ও প্রযুক্তিনির্ভর হবে বলে আশা করা হচ্ছে।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যারা
ঝিনাইদহ কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
জেলা প্রশাসক মো. নোমান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান উপস্থিত ছিলেন।
এ ছাড়া জেলা বিএনপির সভাপতি এমএ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সহসভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, শৈলকুপা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
Reporter Name 






















