
মাসুদ রানা জামালপুর, জেলা প্রতিনিধি:
জামালপুর জেলা শহরের পূর্ব কাঁচারীপাড়া এলাকায় এক ঝটিকা অভিযান চালিয়ে বিপুল পরিমাণ হেরোইন ও ইয়াবাসহ মোছাঃ লকসি বেগম (৪১) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে জামালপুর সদর থানা পুলিশ অভিযান পরিচালনা করে।
পুলিশ সূত্রে জানা যায়, জামালপুর সদর থানার এসআই (নিরস্ত্র) মোঃ খাইরুজ্জামান ও তার সংগীয় ফোর্স মাদক উদ্ধার ও ওয়ারেন্ট তামিল ডিউটি করার সময় সংবাদ পান যে, পূর্ব কাঁচারীপাড়া মেষ্টা খাঁনবাড়ী সংলগ্ন এলাকায় মাদক কেনাবেচা চলছে। বিকাল ৫টা ২০ মিনিটের দিকে পুলিশের একটি দল সেখানে হানা দিলে পালানোর চেষ্টাকালে লকসি বেগমকে গ্রেফতার করা হয়। এ সময় তার সাথে থাকা আরও ২/৩ জন অজ্ঞাতনামা সহযোগী পালিয়ে যেতে সক্ষম হয়।
উদ্ধারকৃত আলামত
গ্রেফতারকৃত আসামীর হেফাজত থেকে অভিনব কায়দায় লুকিয়ে রাখা মাদকদ্রব্য উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে:ডিটারজেন্ট পাউডারের প্যাকেটে বিশেষ কৌশলে রাখা ১০৪ গ্রাম হেরোইন (২০ পুটলা), যার আনুমানিক বাজারমূল্য ১০ লক্ষ ৪০ হাজার টাকা। ইঁদুর মারার ঔষধের প্যাকেটে লুকানো ১,৫০০ পিস ইয়াবা ট্যাবলেট, যার আনুমানিক বাজারমূল্য ৪ লক্ষ ৫০ হাজার টাকা।গ্রেফতারকৃত লকসি বেগম জামালপুর জেলার ইসলামপুর থানার বেপারীপাড়া গ্রামের মৃত বাবুল বেপারীর মেয়ে এবং লেবু বেপারীর স্ত্রী। তিনি বর্তমানে জামালপুর সদর থানার পূর্ব কাঁচারীপাড়া এলাকায় বসবাস করতেন।এ ঘটনায় জামালপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় (মামলা নং-৩০/২৩৭) একটি মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে থানা সূত্রে নিশ্চিত করা হয়েছে।
Reporter Name 


























