বাদশা সেকেন্দর ভুট্টো, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি |
‘রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর ডিমলায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ পালিত হয়েছে।
রোববার (১৬ আগস্ট) উপজেলা প্রশাসন ও মৎস্য অফিসের আয়োজনে আলোচনা সভা, সফল মৎস্যচাষিদের পুরস্কার বিতরণ, র্যালি এবং নদীতে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।
সকাল ৯টায় উপজেলা পরিষদে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরানুজ্জামান। শুরুতে স্বাগত বক্তব্য দেন উপজেলা মৎস্য কর্মকর্তা মামুনুল রশিদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুস সাত্তার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রওশন কবির।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মীর হাসান আল বান্না, ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার, উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক রইসুল আলম চৌধুরী, বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ মনোয়ার হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী প্রধান, জামায়াতে ইসলামীর ডিমলা উপজেলা আমির অধ্যাপক মাওলানা মজিবুর রহমানসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, মৎস্যচাষি, জেলে, মাছ বিক্রেতা, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, নদী-নালা, খাল-বিলসহ উন্মুক্ত জলাশয়গুলো মৎস্যসম্পদের গুরুত্বপূর্ণ প্রাকৃতিক আধার। এসব জলাশয়ের জীববৈচিত্র্য রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তারা আরও বলেন, অবৈধভাবে মাছ শিকার, কারেন্ট ও টেপাই জালের ব্যবহার এবং প্রজনন মৌসুমে মাছ আহরণ বন্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা জরুরি।
পরে সফল মৎস্যচাষিদের মধ্য থেকে তিনজনকে পুরস্কৃত করা হয়।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে উপজেলার সিঙ্গাহারা নদীতে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়। পোনা অবমুক্তির মাধ্যমে নদী ও উন্মুক্ত জলাশয়ে দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি এবং মৎস্যসম্পদের প্রাকৃতিক ভারসাম্য রক্ষার উদ্যোগ নেওয়া হয়।
Reporter Name 





















