ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে ৩৫টি সংসদীয় কমিটি গঠন ও পুনর্গঠন করা হয়েছে। একই সময়ে একটি বিশেষ কমিটিও পুনর্গঠন করা হয়েছে।
২৭ আগস্ট শুরু হওয়া নয় কার্যদিবসের এই অধিবেশন বৃহস্পতিবার শেষ হয়। অধিবেশনের শেষ দিনে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান এবং বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান সমাপনী বক্তব্য দেন। পরে স্পিকার অধিবেশন সমাপ্ত-সংক্রান্ত রাষ্ট্রপতির আদেশ পাঠ করেন।
ভিন্নমত থাকলেও সৌহার্দ্যপূর্ণ পরিবেশের আহ্বান
অধিবেশন সমাপ্তির আগে স্পিকার বলেন, মতের ভিন্নতা গণতান্ত্রিক সংসদীয় ব্যবস্থার স্বাভাবিক বৈশিষ্ট্য। ভিন্নমত প্রকাশের পাশাপাশি সংসদীয় কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ, পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখা গণতান্ত্রিক চর্চাকে আরও সমৃদ্ধ করে।
দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সংসদ সদস্যরা দায়িত্বশীল ভূমিকা পালন করবেন বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
স্পিকার বলেন, সংসদ নেতা গালাগালির সংস্কৃতি পরিহারের জন্য সব পক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন। আগামী অধিবেশনগুলোতে সংসদ সদস্যরা সংসদীয় রীতিনীতি ও ঐতিহ্য সমুন্নত রাখবেন এবং দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্বশীল ভূমিকা পালন করবেন।
বিভিন্ন বিধিতে ৪৭ নোটিশ
অধিবেশনে সংসদীয় কার্যপ্রণালির বিভিন্ন বিধির আওতায় গুরুত্বপূর্ণ বিষয়ে সদস্যরা নোটিশ দেন।
৬৮ বিধিতে সাতটি নোটিশ পাওয়া যায়। এর মধ্যে দুটি নোটিশ গৃহীত ও আলোচিত হয়েছে। ৭১ বিধিতে ১৫টি নোটিশ গৃহীত হয় এবং এর মধ্যে ১৪টির ওপর আলোচনা অনুষ্ঠিত হয়।
এ ছাড়া ৭১ক বিধিতে দুই মিনিটের বক্তব্য দেওয়ার জন্য ১২৪টি নোটিশ পাওয়া যায়। ১৪৭ বিধিতে দুটি নোটিশের মধ্যে একটির ওপর আলোচনা হয়। ৩০২ বিধিতেও একটি নোটিশ উত্থাপিত হয়।
প্রধানমন্ত্রীর জন্য ১৪৪ প্রশ্ন
অধিবেশনে প্রধানমন্ত্রীর উত্তরদানের জন্য সংসদ সদস্যরা মোট ১৪৪টি প্রশ্নের নোটিশ দেন। এর মধ্যে প্রধানমন্ত্রী ১৫টি প্রশ্নের উত্তর দেন।
বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীদের উত্তরদানের জন্য ২ হাজার ৬৭৬টি প্রশ্নের নোটিশ পাওয়া যায়। এর মধ্যে মন্ত্রীরা ১ হাজার ৬৭৮টি প্রশ্নের উত্তর দিয়েছেন।
ছয়টি গুরুত্বপূর্ণ বিল পাস
নয় কার্যদিবসের তৃতীয় অধিবেশনে র্যাব বিলুপ্ত করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) গঠনসহ মোট ছয়টি গুরুত্বপূর্ণ বিল পাস হয়েছে।
অধিবেশনের শেষ দিনে সংসদ নেতা ও বিরোধীদলীয় নেতার সমাপনী বক্তব্যের পর স্পিকার রাষ্ট্রপতির আদেশ পাঠ করে অধিবেশন সমাপ্ত ঘোষণা করেন।
Reporter Name 





















