
নিউজ প্রতিনিধি:
জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার পাথরেরচর গ্রামে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ৩০টি পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি)।
বিজিবি সূত্রে জানা যায়, গত ১২ জুলাই অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে জিনজিরাম নদীতে প্রবল স্রোতের সৃষ্টি হয়। এতে ৩৫ বিজিবির অধীন পাথরেরচর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ১০৭৬/এমপি থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নদীর তীর ভয়াবহভাবে ভেঙে পড়ে। নদীভাঙনে অন্তত ১৫টি বসতবাড়ি নদীগর্ভে বিলীন হয় এবং বেশ কয়েকটি পরিবার ক্ষতিগ্রস্ত হয়ে মানবেতর জীবনযাপন শুরু করে।
ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে দ্রুত উদ্যোগ নেয় জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি)। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর উদ্যোগে ক্ষতিগ্রস্ত ৩০টি পরিবারের মধ্যে প্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান, বিজিওএম, পিএসসি। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন, “দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোও বিজিবির অন্যতম মানবিক দায়িত্ব। ভবিষ্যতেও যে কোনো দুর্যোগ ও সংকটময় পরিস্থিতিতে অসহায় মানুষের পাশে থেকে প্রয়োজনীয় সহায়তা প্রদান অব্যাহত থাকবে।”
ত্রাণ পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা বিজিবির প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা এ মানবিক উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে অভিহিত করেন।
Reporter Name 






















