
মোশাররফ হোসেন জসিম পাঠান:
নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলার শুনই ইউনিয়নের ইছাইল গ্রামে গৃহবধূ নির্যাতনের অভিযোগ উঠেছে শাহাদত মিয়ার বিরুদ্ধে। অভিযোগ করেছেন ভুক্তভোগী গৃহবধূ মোছাঃ মাহফুজা আক্তারের পরিবার।
পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় তিন বছর আগে একই গ্রামের মোঃ সবুজ মিয়ার ছেলে মোঃ শাহাদত মিয়ার সঙ্গে মাহফুজা আক্তারের বিয়ে হয়। প্রথমদিকে তাদের সংসার ভালো চললেও পরবর্তীতে বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন শাহাদত মিয়া বলে অভিযোগ ওঠে। এসব বিষয়ে স্ত্রী প্রতিবাদ করলে তাকে মারধর ও নির্যাতন করা হতো বলে পরিবারের দাবি।
একপর্যায়ে নির্যাতনের শিকার হয়ে মাহফুজা বাবার বাড়িতে চলে যান। পরে স্থানীয় মাতব্বরদের মধ্যস্থতায় পুনরায় স্বামীর সংসারে ফিরে আসেন। এরপর থেকেই শ্বশুর-শাশুড়িসহ পরিবারের সদস্যরা তার ওপর মানসিক ও শারীরিক নির্যাতন চালাতে থাকেন বলে অভিযোগ করেন স্বজনরা।
ভুক্তভোগীর পরিবারের দাবি, বিভিন্ন সময় কৌশলে প্রায় ৩ লাখ টাকা নেওয়া হয়েছে। এর মধ্যেই মাহফুজার কোলজুড়ে একটি সন্তান জন্ম নেয়। তবে সন্তানের প্রতিও যথাযথ দায়িত্ব পালন করা হচ্ছিল না বলে অভিযোগ রয়েছে।
অভিযোগে আরও বলা হয়, গত ১৬ মে রাতে টাকার দাবিতে মাহফুজাকে মারধর করা হয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
ঘটনার পর স্থানীয় সাংবাদিক ও মানবাধিকারকর্মীরা এলাকায় গিয়ে তথ্য সংগ্রহ করলে এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরেই উভয় পরিবারের মধ্যে টাকাপয়সা নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরেই এ ঘটনা ঘটে।
এ ঘটনায় মাহফুজা আক্তারের বাবা বাদী হয়ে আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে শাহাদত মিয়াসহ ৪ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং আরও ৩-৪ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
ভুক্তভোগী পরিবার জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে। স্থানীয়দের আশঙ্কা, দ্রুত ব্যবস্থা না নিলে যে কোনো সময় বড় ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে।
Reporter Name 






















