
মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টারঃ শনিবার ৬ সেপ্টেম্বর সকাল থেকে নরসিংদী জেলার পলাশ উপজেলার ডাংঙ্গায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষে আলোচনা সভা মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। ঈদে মিলাদুন্নবী উদযাপন কমিটির ডাংঙ্গা ইউনিয়ন শাখার সভাপতি মোঃ আমিনুল ইসলাম চিসতি এর সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন মাওঃ মোঃ আব্দুল্লাহ বিন আজাদী।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন:
ঈদে মিলাদুন্নবী পলাশ উপজেলার উদযাপন কমিটির সভাপতি আল্লামা বেলায়েত শাহ
পলাশ থানা বিএনপির সহ সভাপতি হাজ্বী শফিকুল ইসলাম (স্বপন)
মাওলানা মোঃ আল-আমিন দেওয়ান আল আবেদী, সভাপতি, বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত, কালীগঞ্জ, গাজীপুর
উদযাপন কমিটির সাধারণ সম্পাদক মাওঃ তানভির আহমেদ
প্রধান বক্তা মাওঃ মফিজ উদ্দিন আজাদী
অন্যান্য বিভিন্ন দরবারের বক্ত বৃন্দ
বক্তারা বলেন, মানব ইতিহাসে এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন ঈদে মিলাদুন্নবী। এ দিন এমন এক মহামানবের আবির্ভাবের দিন, যে কোনো বিচারেই যাঁর চেয়ে শ্রেষ্ঠ আর কারোর আবির্ভাব ঘটেনি এই পৃথিবীতে। যাঁর প্রভাব তাঁর কর্মকালে, জীবদ্দশায় যেমন তৎকালীন দুনিয়া অনুভব করেছে, তেমনি ১৫শ’ বছর পরেও বিশ্বব্যাপী অনুভূত হচ্ছে। কেয়ামত পর্যন্ত সম গুরুত্বের সঙ্গে তা অনুভূত হতে থাকবে।
যুগের পরিবর্তন হয়, কালের বিবর্তন ঘটে, অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক চাহিদার ধরন বদলায়, নব নব সমস্যার উদ্ভব হয়। কিন্তু এমন এক মহামানব যিনি কখনো পুরাতন হন না, যাঁর আবেদন কখনো নিঃশেষ হয় না, যাঁর প্রয়োজন কখনো ফুরায় না, যিনি স্থান-কাল-পাত্রের ঊর্ধ্বে; চিন্তায়, কর্মে, অনুভবে, বিশ্বাসে, সর্বত্র-সর্বব্যাপী সকল ক্ষেত্রে যাঁর উপস্থিতি চেতনে-অচেতনে সমভাবে অনুভূত, প্রত্যাশিত ও কাংক্ষিত। তিনি সৃষ্টির শ্রেষ্ঠতম, সুন্দরতম, মহোত্তম, মাহবুবে খোদা, রাহমাতুল্লিল আলামীন, হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
অনুষ্ঠান শেষে মোনাজাত পরিচালনা করেন পলাশ উপজেলা ঈদে মিলাদুন্নবী উদযাপন কমিটির সভাপতি আল্লামা বেলায়েত শাহ।
মোঃ মুক্তাদির হোসেন 




























