মল্লিক জামাল, নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর পূর্ব বাড্ডার বৈঠাখালী এলাকার আলিফ নগরে পাঁচ কাঠা জমি দখলের চেষ্টা, হত্যার হুমকি ও হামলার অভিযোগ তুলে জীবনের নিরাপত্তা চেয়েছেন মো. হাবিবুর রহমান মিন্টু ও তাঁর স্ত্রী ইয়াসমিন আক্তার। এ ঘটনায় মো. শাহিন নামে এক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী দম্পতি।
রোববার (১১ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তাঁরা এসব অভিযোগ তুলে ধরেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মো. হাবিবুর রহমান মিন্টু বলেন, জীবনের উপার্জনের সমুদয় অর্থ দিয়ে তাঁরা পূর্ব বাড্ডার বৈঠাখালী এলাকার আলিফ নগরে পাঁচ কাঠা জমি কিনেছেন। কিন্তু ওই জমি দখল করে রাখার পাশাপাশি মো. শাহিন বিভিন্ন সময়ে তাঁদের হত্যার হুমকি দিচ্ছেন বলে অভিযোগ করেন তিনি। এতে তিনি ও তাঁর পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
মিন্টু আরও অভিযোগ করেন, গত ৭ অক্টোবর মো. শাহিন লোকজন নিয়ে তাঁর ও পরিবারের সদস্যদের ওপর হামলা করেন। এতে তাঁরা রক্তাক্ত জখম হন বলে দাবি করেন তিনি। এ ঘটনায় মামলা করতে বাড্ডা থানায় গেলে পুলিশ মামলা গ্রহণ করেনি বলেও অভিযোগ করেন মিন্টু। তাঁর দাবি, কর্তব্যরত পুলিশ তাঁকে জানিয়েছে, শাহিনের বিরুদ্ধে মামলা নেওয়া যাবে না।
ভুক্তভোগী দম্পতি জানান, এর আগে গত ১৪ আগস্ট ও ৩ অক্টোবর তাঁরা বাড্ডা থানায় দুটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এ ছাড়া তাঁদের ওপর হামলার ঘটনায় গত ২৯ আগস্ট ও ২৩ সেপ্টেম্বর দুটি লিখিত অভিযোগ জমা দিয়েছেন বলেও সংবাদ সম্মেলনে উল্লেখ করেন তাঁরা।
সংবাদ সম্মেলনে মিন্টু বলেন, “জীবনের সর্বশেষ সম্বল দিয়ে কেনা পাঁচ কাঠা জমি ফেরত চাই। একই সঙ্গে নিজের ও পরিবারের সদস্যদের জীবনের নিরাপত্তা চাই।”
এ সময় ভুক্তভোগী দম্পতি প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, ঢাকা মহানগর পুলিশ কমিশনার এবং বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করেন। তাঁদের অভিযোগ তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ, অভিযুক্ত ব্যক্তিকে আইনের আওতায় আনা এবং জমির দখল ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তাঁরা।
তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত মো. শাহিন ও সংশ্লিষ্ট পুলিশের বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগগুলোর বিষয়ে তাঁদের বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে।
Reporter Name 






















