
গোকুল চন্দ্র রায়, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
নানা আয়োজনের মধ্য দিয়ে দিনাজপুরের বীরগঞ্জ মডেল প্রেসক্লাবের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। আলোচনা সভা, কেক কাটা ও সম্মাননা স্মারক প্রদানসহ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় এ আয়োজন।
সোমবার (২৭ জুলাই) দুপুরে বীরগঞ্জ উপজেলা অফিসার্স ক্লাব হলরুমে আয়োজিত অনুষ্ঠানে বীরগঞ্জ মডেল প্রেসক্লাবের আহ্বায়ক মাহাবুর রহমান আংগুরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের সংসদ সদস্য মো. মনজুরুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. মনজুরুল ইসলাম বলেন, “গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। একটি স্বাধীন, দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সংবাদমাধ্যম সমাজের অসঙ্গতি তুলে ধরার পাশাপাশি উন্নয়নের চিত্র জনগণের সামনে তুলে ধরে এবং সুশাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।” তিনি সাংবাদিকদের সত্যনিষ্ঠা, নিরপেক্ষতা, পেশাদারিত্ব ও নৈতিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান এবং গুজব ও অপপ্রচার থেকে বিরত থাকার ওপর গুরুত্বারোপ করেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমা খাতুন, অতিরিক্ত পুলিশ সুপার (বীরগঞ্জ সার্কেল) শাওন কুমার সরকার, বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম এবং জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. কবিরুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টা মো. রেজওয়ানুল ইসলাম রিজু, উপজেলা বিএনপির অন্যতম সদস্য সুবাস দাস, পৌর বিএনপির সহ-সভাপতি হাবিবুর রহমান হাবলু, সাধারণ সম্পাদক নমিরুল ইসলাম চৌধুরী সেনা, উপজেলা যুবদলের অন্যতম সদস্য আক্কাস আলী এবং উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শওকত জুলিয়াস জুয়েল।
অনুষ্ঠানে বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরাও অংশ নেন। তাঁদের মধ্যে ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক যুগ্ম মহাসচিব ও দৈনিক এদিন পত্রিকার স্টাফ রিপোর্টার শাহাদৎ হোসেন শাহ, সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর (২৯-৩৬)-এর সদস্য প্রবীণ সাংবাদিক দয়ারাম রায়, কাহারোল প্রেসক্লাবের সদস্য সুকুমার রায়, সাংবাদিক রশিদুল ইসলাম, বীরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি রনজিৎ সরকার, বিকাশ ঘোষ, পৌর প্রেসক্লাবের সভাপতি মীর কাশেম লালু, সাধারণ সম্পাদক সোহেল আহমেদ, বীরগঞ্জ সাংবাদিক সংস্থার সভাপতি মোয়াজ্জেম সরকার, সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলী এবং বীরগঞ্জ মডেল প্রেসক্লাবের সদস্য উত্তম শর্মা, আব্দুল জলিল, জাহিদ হাসান ও গোকুল চন্দ্র রায়সহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।
বক্তারা বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায় স্বাধীন, দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ গণমাধ্যমের কোনো বিকল্প নেই। জনগণের অধিকার প্রতিষ্ঠা, জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং উন্নয়ন কর্মকাণ্ডকে এগিয়ে নিতে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে ভুয়া তথ্য ও গুজব প্রতিরোধে দায়িত্বশীল সাংবাদিকতার ওপর গুরুত্বারোপ করা হয়। স্থানীয় সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, পারস্পরিক সম্প্রীতি ও ঐক্য আরও সুদৃঢ় করার আহ্বান জানান বক্তারা।
অনুষ্ঠানে বীরগঞ্জ মডেল প্রেসক্লাবের পক্ষ থেকে প্রধান অতিথির হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। পরে অতিথি, সাংবাদিক ও আমন্ত্রিতদের উপস্থিতিতে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে অনুষ্ঠানটি উদযাপন করা হয়।
অনুষ্ঠান শেষে অতিথিরা বীরগঞ্জ মডেল প্রেসক্লাবের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। পাশাপাশি সত্যনিষ্ঠ, জনমুখী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে সংগঠনটি স্থানীয় গণমাধ্যমের উন্নয়ন ও গণমানুষের প্রত্যাশা পূরণে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
Reporter Name 

























