মুহাম্মদ বাদশা ভূঁইয়া, চাঁদপুর প্রতিনিধি:
বিশ্বকাপ ফুটবলের উৎসবমুখর পরিবেশের মধ্যেও যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিন ও লেবাননের সাধারণ মানুষের প্রতি সংহতি জানিয়ে চাঁদপুরে ফুটবলপ্রেমীদের অংশগ্রহণে একটি বিক্ষোভ র্যালি অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৯ জুলাই) বিকেলে মোশারফ ফাউন্ডেশনের আহ্বানে শহরের হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে স্থাপিত ‘ফুটবল বিশ্বকাপ জোন’ থেকে র্যালিটি বের করা হয়।
র্যালিতে বিভিন্ন শ্রেণি-পেশার ফুটবলপ্রেমী কিশোর, তরুণ, প্রবীণসহ শত শত মানুষ অংশ নেন। তাদের হাতে ছিল ‘ফ্রি প্যালেস্টাইন’ ও ‘ফ্রি লেবানন’ লেখা ফেস্টুন এবং ফিলিস্তিন ও লেবাননের পতাকা। অংশগ্রহণকারীরা যুদ্ধবিধ্বস্ত মানুষের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন এবং শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানান।
মোশারফ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মারজুক মুঈদ ঐশ্বর্যের নেতৃত্বে র্যালিটি হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শুরু হয়ে মুক্তিযোদ্ধা সড়ক ও মিশন রোড চত্বর প্রদক্ষিণ করে শহরের ইলিশ চত্বরে গিয়ে শেষ হয়।
র্যালি চলাকালে অংশগ্রহণকারীরা ফিলিস্তিন ও লেবাননের বেসামরিক মানুষের ওপর হামলা ও সহিংসতার প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। পাশাপাশি যুদ্ধ বন্ধ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর উদ্যোগের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানান।
র্যালি শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে মোশারফ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মারজুক মুঈদ ঐশ্বর্য অংশগ্রহণকারী সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি বলেন, “খেলাধুলা মানুষকে যেমন ঐক্যবদ্ধ করে, তেমনি মানবিক সংকটে বিশ্বের নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানোও আমাদের নৈতিক দায়িত্ব। ফিলিস্তিন ও লেবাননের নিরীহ নারী, শিশু ও সাধারণ মানুষের নিরাপত্তা এবং শান্তিপূর্ণ জীবন নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে।”
তিনি এই মানবিক কর্মসূচিতে অংশগ্রহণ করে সংহতি প্রকাশের জন্য সকল ফুটবলপ্রেমী ও সচেতন নাগরিককে আন্তরিক ধন্যবাদ জানান।
Reporter Name 























