বিশ্বকাপে আলজেরিয়ার বিপক্ষে জর্ডানের গুরুত্বপূর্ণ ম্যাচ দেখার সময় সমর্থকদের ভিড়ে পদদলনের ঘটনা ঘটেছে। এতে একজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত আটজন।
মঙ্গলবার জর্ডানের জননিরাপত্তা অধিদপ্তরের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, রাজধানী আম্মানের কেন্দ্রস্থলে অবস্থিত ঐতিহাসিক হাশমিত স্কয়ারে বিপুল সংখ্যক সমর্থক একসঙ্গে খেলা দেখতে জড়ো হন। ম্যাচ চলাকালীন ও পরবর্তী সময়ে অতিরিক্ত ভিড় ও নিয়ন্ত্রণহীন চলাচলের কারণে সেখানে হুড়োহুড়ি ও পদদলনের ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর জরুরি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের হাসপাতালে নিয়ে যায়। পরে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়।
কর্তৃপক্ষ জানিয়েছে, নিহতের মৃত্যুর কারণ ও পুরো ঘটনার পরিস্থিতি তদন্ত করে দেখা হবে।
উল্লেখ্য, প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নেওয়ায় জর্ডানজুড়ে ব্যাপক উচ্ছ্বাস তৈরি হয়। জাতীয় দলের ম্যাচগুলো বড় পর্দায় দেখার জন্য রাজধানীসহ বিভিন্ন স্থানে সমর্থকরা জড়ো হন। তবে সেই ফুটবল উৎসব শেষ পর্যন্ত এই মর্মান্তিক ঘটনার মধ্য দিয়ে বিষাদে রূপ নেয়।
Reporter Name 





















