
বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার বুড়িচংয়ে ভারতীয় এক নাগরিকসহ দুই মাদক ব্যবসায়ীকে ৩৬ কেজি গাঁজাসহ আটক করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি টয়োটা প্রাইভেটকারও জব্দ করা হয়।
শনিবার (৮ আগস্ট ২০২৬) রাত সাড়ে ১১টার দিকে বুড়িচং পৌরসভার পূর্ণমতি এলাকার জনৈক সবুজ চেয়ারম্যানের বাড়ির সামনে কাঁচা-পাকা রাস্তা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন—ভারতের ত্রিপুরা রাজ্যের সোনামুড়া সাব-ডিভিশনের কলমচূড়া থানার আশাবাড়ী এলাকার মো. হানিফের ছেলে সালাউদ্দিন ওরফে ছেরা উদ্দিন (২৩) এবং কুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের রাজাপুর গ্রামের আলী হোসেনের ছেলে মো. জহিরুল ইসলাম রাব্বি (২১)। রাব্বি পেশায় প্রাইভেটকারের চালক বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, বুড়িচং থানার এসআই শামসুল হকের নেতৃত্বে পুলিশের একটি দল স্থানীয় লোকজনের সহায়তায় অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে ৩৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত একটি টয়োটা প্রাইভেটকার জব্দ করা হয়।
পুলিশ জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্যের ঘটনায় আটক দুজনের বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়।
বুড়িচং থানার অফিসার ইনচার্জ মোঃ লুৎফুর রহমান বলেন, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
Reporter Name 

























