মোঃ সারোয়ার হোসেন অপু,
নওগাঁ প্রতিনিধি
নওগাঁর বদলগাছী উপজেলায় ব্রীজসংলগ্ন পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন বেড়িবাঁধের সিসি ব্লক সরিয়ে সরকারি জায়গা দখল করে স্থায়ী দোকানঘর নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় বাসিন্দাদের বিরুদ্ধে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হলেও তা অমান্য করে পুনরায় কাজ চালিয়ে যাওয়ার অভিযোগও পাওয়া গেছে। এ ঘটনায় তথ্য সংগ্রহ করতে গিয়ে গণমাধ্যমকর্মীদের বাধা, মোবাইল ফোন কেড়ে নেওয়া এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।

শুক্রবার (১৪ আগস্ট) উপজেলার আধাইপুর ইউনিয়নের দেউলিয়া ব্রীজসংলগ্ন এলাকায় সরেজমিনে গিয়ে এসব অভিযোগের তথ্য পাওয়া যায়।
স্থানীয়দের অভিযোগ, দেউলিয়া গ্রামের রমজান এবং দেউলিয়া মোড় বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক বকুল হোসেন পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধসংলগ্ন সরকারি জায়গায় স্থাপনা নির্মাণ করছেন।
সরেজমিনে দেখা যায়, বেড়িবাঁধের পাশের অংশে বাঁধ রক্ষার জন্য স্থাপন করা সিসি ব্লক সরিয়ে সেখানে দোকানঘর নির্মাণের কাজ চলছে। সরকারি জায়গায় স্থাপনা নির্মাণের বিষয়ে জানতে চাইলে অভিযুক্তরা দাবি করেন, তাঁরা তাঁদের পৈতৃক জমিতে ঘর নির্মাণ করছেন।
বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশরাত জাহান ছনিকে জানানো হলে তিনি আধাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ.কে.এম. রেজাউল কবীর পল্টনকে নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দেন। একই সঙ্গে তিনি নিজে ঘটনাস্থল পরিদর্শন করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়ার কথা জানান।
তবে প্রশাসনের নির্দেশের পরও শুক্রবার সকাল থেকে সেখানে পুনরায় নির্মাণকাজ শুরু হয়েছে—এমন অভিযোগ পেয়ে কয়েকজন গণমাধ্যমকর্মী ঘটনাস্থলে গিয়ে ছবি ও ভিডিও ধারণ করে তথ্য সংগ্রহ করেন।
এ সময় নির্মাণকাজের সঙ্গে সম্পৃক্ত একই গ্রামের মজিবুর (বদিরউদ্দিন) এর ছেলে মানিকের নেতৃত্বে শাহিন, সালাম, রমজান ও বকুলসহ কয়েকজন ব্যক্তি গণমাধ্যমকর্মীদের তথ্য সংগ্রহে বাধা দেন। একপর্যায়ে তাঁদের মোবাইল ফোন কেড়ে নেওয়া এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগও উঠেছে।
ঘটনার পর রাজধানী টিভির নওগাঁ জেলা প্রতিনিধি সাংবাদিক রাজু ইসলাম গণমাধ্যমকর্মীদের অবাধে তথ্য সংগ্রহে বাধা ও হুমকির ঘটনায় প্রতিকার চেয়ে বদলগাছী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
জানতে চাইলে আধাইপুর ইউপি চেয়ারম্যান এ.কে.এম. রেজাউল কবীর পল্টন বলেন, “ইউএনও স্যার আমাকে ফোন করে বিষয়টি জানিয়েছেন এবং কাজ বন্ধ রাখতে বলেছেন। তিনি নিজে ঘটনাস্থল পরিদর্শন করে পরবর্তী নির্দেশনা দেওয়ার কথা জানিয়েছেন। শুক্রবার সকালে আবার কাজ শুরু হয়েছে—এ বিষয়টি আমি আপনাদের কাছ থেকেই জানতে পারলাম। প্রশাসনকে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য বলব।”
আধাইপুর ইউপির সংশ্লিষ্ট ওয়ার্ডের সদস্য হাসান বলেন, তিনি বিষয়টি জানেন। তবে এ বিষয়ে চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশরাত জাহান ছনি বলেন, গতকাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে বিষয়টি জানিয়ে কাজ বন্ধ করে দেওয়া হয়েছিল। তিনি নিজে ঘটনাস্থল পরিদর্শন করবেন বলেও জানান।
ভুক্তভোগী সাংবাদিক রাজু ইসলাম বলেন, “দেউলিয়া ব্রীজসংলগ্ন এলাকায় তথ্য সংগ্রহের সময় আমাদের কাজে বাধা দেওয়া হয়েছে এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় আমি প্রতিকার চেয়ে থানায় জিডি করেছি।”
বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রুহুল আমিন বলেন, জিডি পেয়েছেন। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে সরকারি জায়গায় স্থাপনা নির্মাণের অভিযোগ এবং প্রশাসনের নির্দেশ অমান্য করে কাজ চালিয়ে যাওয়ার বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা ও ক্ষোভ সৃষ্টি হয়েছে। ঘটনাটি সরেজমিনে তদন্ত করে সরকারি সম্পত্তির সীমানা নির্ধারণ, প্রকৃত মালিকানা যাচাই এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
Reporter Name 






















