শফিকুল ইসলাম শফিক, সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার ২ নম্বর দক্ষিণ বংশীকুন্ডা ইউনিয়নের আমানিপুর গ্রামের একমাত্র ব্রিজটি দীর্ঘদিন সংস্কার না হওয়ায় মরণফাঁদে পরিণত হয়েছে। ব্রিজের দুই পাশের মাটি সরে গিয়ে সংযোগ সড়ক বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন চারটি শিক্ষাপ্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থীসহ পাঁচ শতাধিক মানুষ। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে ব্রিজটি পারাপার হতে হচ্ছে স্থানীয়দের।
সরেজমিনে দেখা যায়, ব্রিজের দুই পাশে মাটি সরে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। ঝুঁকি নিয়ে চলাচল করতে গিয়ে প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছে কোমলমতি শিক্ষার্থীরা। বর্ষা মৌসুমে পানি বৃদ্ধি পেলে ব্রিজটি দিয়ে চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এতে শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াতসহ স্থানীয় বাসিন্দাদের দৈনন্দিন চলাচল ব্যাহত হচ্ছে।
দাতিয়াপাড়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো. শাহিরুল ইসলাম বলেন, “আমি প্রতিদিন দেখি, আমার ছোট ছোট ছাত্রছাত্রীরা ব্যাগ কাঁধে নিয়ে কাঁদতে কাঁদতে এই ভাঙা ব্রিজ পার হয়। অনেক সময় পা পিছলে পড়ে যায়, বই-খাতা কাদায় ভিজে যায়। একজন শিক্ষক হিসেবে এই দৃশ্য আর সহ্য হয় না। আমি মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়ের কাছে অনুরোধ করছি, আমাদের বাচ্চাদের জন্য ব্রিজটি ঠিক করে দিন।”
দাতিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ধনঞ্জয় বিশ্বাস বলেন, “আমার স্কুলের অনেক ছাত্রী এই ব্রিজের ভয়ে স্কুলে আসতে চায় না। অভিভাবকেরা তাঁদের সন্তানদের স্কুলে পাঠাতে ভয় পাচ্ছেন। শিক্ষার মতো মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে আমাদের কোমলমতি শিশুরা। উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় একবার এসে দেখলে বুঝতে পারবেন, আমাদের কষ্টটা কতটা গভীর।”
বিএনপির ওয়ার্ড কমিটির সাংগঠনিক সম্পাদক মো. মাইনুদ্দিন বলেন, “ব্রিজের দুই পাশে মাটি না থাকায় প্রতিনিয়ত শিক্ষার্থীরা দুর্ঘটনার শিকার হচ্ছে। আমরা সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল ও মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করছি। দ্রুত ব্রিজটি সংস্কার করা হোক।”
এ সময় স্থানীয় বাসিন্দা নরেশ বিশ্বাস, আরব আলী এবং আমানিপুর বিএনপির গ্রাম কমিটির সভাপতি স্থানীয়দের দুর্ভোগের কথা তুলে ধরেন।
এ বিষয়ে মধ্যনগর উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা জনি রায় বলেন, “বিষয়টি আমাদের নজরে এসেছে। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছি। যেহেতু এখানে ছাত্রছাত্রীরা প্রতিনিয়ত আঘাত পাচ্ছে এবং দুর্ঘটনা ঘটছে, তাই দ্রুত সরেজমিনে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।”
এলাকাবাসীর দাবি, শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে দ্রুত ব্রিজটি পরিদর্শন করে সংস্কারের উদ্যোগ নিতে হবে। এ জন্য সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল ও উপজেলা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা। তাঁদের প্রত্যাশা, দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হলে দীর্ঘদিনের এই দুর্ভোগ থেকে মুক্তি পাবেন শিক্ষার্থীসহ স্থানীয় বাসিন্দারা।
Reporter Name 






















