বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপির সদ্য বিদায়ী মহাসচিব ও রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের নেতাকর্মীদের উদ্দেশে আবেগঘন বিদায়বার্তা দিয়েছেন। বুধবার (১৯ আগস্ট) দিবাগত মধ্যরাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ বার্তা জানান।
পোস্টে মির্জা ফখরুল লেখেন, ‘আজ আপনাদের থেকে সর্বশেষ বিদায় নেওয়ার সময় এসেছে। আজকে শেষবারের মতো বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ বলে বিদায় নিচ্ছি।’
পোস্টের শেষে তিনি লেখেন, ‘আপনাদের বিশ্বস্ত—মির্জা ফখরুল ইসলাম আলমগীর।’
বিদায়ী বক্তব্যে আবেগাপ্লুত ফখরুল
এর আগে বুধবার জাতীয় সংসদ ভবনে সরকারি দলের সভাকক্ষে বিএনপির সংসদীয় দলের সভায় বিদায়ী বক্তব্য দেন মির্জা ফখরুল। সভায় উপস্থিত একাধিক সংসদ সদস্যের বরাতে জানা যায়, বক্তব্যের শুরুতেই তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন। একপর্যায়ে কয়েকবার কান্নায় ভেঙে পড়েন বিএনপির এই নেতা।
বিদায়ী বক্তব্যে তিনি বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়াকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ সময় দলের নেতাকর্মীদের কাছে দোয়া চান মির্জা ফখরুল। একই সঙ্গে রাষ্ট্রপতি নির্বাচনে তাঁকে ভোট দেওয়ার জন্য বিএনপির দলীয় সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানান তিনি।
রাষ্ট্রপতি নির্বাচনে ফখরুলের প্রার্থিতা
বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সংসদীয় দলের ওই সভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মনোনয়নের বিষয়টি সামনে আসে।
আজ বৃহস্পতিবার সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ নির্বাচনে মির্জা ফখরুলের প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ।
মির্জা ফখরুলের মধ্যরাতের এই বিদায়বার্তা এবং এর আগে সংসদীয় দলের সভায় তাঁর আবেগঘন বক্তব্যকে ঘিরে বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে।
Reporter Name 






















