
এনামুল হক রাশেদী, চট্টগ্রাম:
চট্টগ্রাম মহানগরের বায়েজিদ এলাকায় সন্ত্রাসীদের ব্রাশফায়ারে হাসান রাজু (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় এলোপাতাড়ি গুলিতে রেশমি আক্তার (১১) নামে এক শিশু আহত হয়েছে। তার চোখে গুলি লেগেছে বলে জানা গেছে।
বৃহস্পতিবার (৭ মে) রাত সাড়ে ৯টার দিকে বায়েজিদ থানার রৌফাবাদ কলোনির শহীদ মিনার গলি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত হাসান রাজুর বাড়ি রাউজান উপজেলার কদলপুর গ্রামে। তিনি বায়েজিদ এলাকার রৌফাবাদে বড় বোনের বাসায় বেড়াতে এসে হামলার শিকার হন। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
অন্যদিকে আহত শিশু রেশমি আক্তারকে রাত ১১টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ২৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েকজন মুখোশধারী যুবক সিএনজি অটোরিকশাযোগে এসে হাসান রাজুকে লক্ষ্য করে গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়।
আহত শিশু রেশমির বড় ভাই ফয়সাল আহম্মেদ বলেন, “রেশমি দোকানে যাওয়ার সময় এলাকায় হঠাৎ গোলাগুলি শুরু হয়। এ সময় একটি গুলি তার চোখে লাগে।”
রেশমি বায়েজিদ থানার রৌফাবাদ কলোনির বাসিন্দা রিয়াজ আহমেদ ও সাবেরা বেগমের মেয়ে।
ঘটনার পর পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
পরিবারের দাবি, সম্প্রতি রাউজানে সংঘটিত একটি হত্যাকাণ্ডের পর রাজু বড় বোনের বাসায় অবস্থান করছিলেন। রাজনৈতিক বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।
রাজুর বড় বোন রুমা আক্তার বলেন, “আমার ভাই দিনমজুরের কাজ করত। তার সঙ্গে কারও বিরোধ ছিল না। কেন তাকে হত্যা করা হলো বুঝতে পারছি না।”
তবে পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৬ এপ্রিল রাউজানে সংঘটিত এক যুবদল কর্মী হত্যাকাণ্ডে রাজুর নাম উঠে এসেছিল।
চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ফয়সাল আহমেদ বলেন, “ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান চলছে। হত্যার কারণ তদন্ত করে দেখা হচ্ছে।”
বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ববিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। তদন্ত চলছে।”
এনামুল হক রাশেদী, চট্টগ্রাম 





















