রাজিব সরকার, কচুয়া প্রতিনিধি
চাঁদপুরের কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান রাগদৈল ইসলামিয়া আলিম মাদ্রাসায় বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের বৃত্তির সনদ, ক্রেস্ট ও সম্মাননা পুরস্কার প্রদান করা হয়।
প্রতিষ্ঠানের সভাপতি আলাউদ্দিন আখন্দের সভাপতিত্বে এবং মাদ্রাসার সহকারী শিক্ষক মো. সাখাওয়াত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিসি প্রফেসর ডা. আতিকুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রাগদৈল ইসলামিয়া আলিম মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আরিফ বিল্লাহ।
অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের ট্যালেন্টপুল, এ-গ্রেড ও সাধারণ গ্রেড—এই তিন শ্রেণিতে বৃত্তির সনদ, ক্রেস্ট ও সম্মাননা পুরস্কার তুলে দেওয়া হয়। শিক্ষার্থীদের মেধার যথাযথ মূল্যায়ন এবং তাদের মনোবল বাড়ানোর লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে বলে জানায় আয়োজক কমিটি।
শিক্ষার্থীদের মেধা বিকাশে গুরুত্বারোপ
সভাপতির বক্তব্যে আলাউদ্দিন আখন্দ বলেন, সঠিক শিক্ষা ও যথাযথ মূল্যায়নের মাধ্যমে শিক্ষার্থীদের সামনে এগিয়ে যেতে হবে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক প্রতিযোগিতার মনোভাব তৈরি করবে।
তিনি ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন এবং শিক্ষার্থীদের মেধা ও মননের বিকাশে নিরলসভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সাবেক অধ্যক্ষ মো. রুস্তম আলী সরকার, সাচার রেনেসাঁ মেডিকেলের পরিচালক জিয়াউদ্দিন মজুমদার, মো. মেজবা আখন্দ, বিএনপি নেতা শহীদ দেওয়ানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা এবং উপস্থিত অতিথিদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বিশেষ মোনাজাত করা হয়।
Reporter Name 
























