
সাব্বির কাজী, রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি :
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ১০টি ইয়াবা বড়ি ও ১০০ গ্রাম গাঁজাসহ মো. আসাদুজ্জামান জিকো (৩৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে মাদকদ্রব্যগুলো জব্দ করা হয়।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের মনিপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসাদুজ্জামান জিকো বড়বাইশদিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের যুবদলের সাধারণ সম্পাদক হিসেবে আছেন, এবং ওই গ্রামের দলিল উদ্দিনের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, এলাকায় মাদকের একটি চালান আসার খবর পেয়ে রাঙ্গাবালী থানা-পুলিশ সেখানে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে সন্দেহভাজন হিসেবে জিকোকে আটক করে তল্লাশি চালানো হয়। এ সময় তাঁর কাছ থেকে ১০টি ইয়াবা বড়ি ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
রাঙ্গাবালী থানার কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিনের নেতৃত্বে পরিচালিত অভিযানে উপপরিদর্শক (এসআই) দিলীপসহ পুলিশের একটি দল অংশ নেয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারের সঙ্গে জড়িত অন্যরা পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।
রাঙ্গাবালী থানার ওসি মো. জসিম উদ্দিন জানান, গ্রেপ্তার যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক সংগ্রহ ও সরবরাহের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
মামলার পর গ্রেপ্তার আসামিকে আদালতে হাজির করা হলে আদালতের নির্দেশে তাঁকে কারাগারে পাঠানো হয়। এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ।
Reporter Name 



























