মো. গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধি:
রাজশাহী মহানগরীর রাজপাড়া থানাধীন এলাকায় ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় মো. আবুল কালাম (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) রাজপাড়া থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৮ অক্টোবর রাত সোয়া ৮টার দিকে রাজপাড়া থানার বসুয়া উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি স্থানীয় লোকজনের মধ্যে জানাজানি হলে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। পরে স্থানীয়রা রাজপাড়া থানা পুলিশকে খবর দেন।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ভুক্তভোগী শিশুটিকে উদ্ধার করে। এ সময় ধর্ষণচেষ্টার অভিযোগে আবুল কালামকে আটক করা হয়। তিনি বসুয়া উত্তরপাড়া গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে।
এ ঘটনায় ভুক্তভোগী শিশুটির অভিভাবক রাজপাড়া থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ তাৎক্ষণিকভাবে বিষয়টি আমলে নিয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করে।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
শিশুটির নিরাপত্তা নিশ্চিত করা এবং অভিযোগের সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি এখন গুরুত্বপূর্ণ।
Reporter Name 




























