
পঞ্চগড় জেলা প্রতিনিধি : খাদেমুল ইসলাম,
পঞ্চগড়, ২০ ফেব্রুয়ারি,পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, সনাতনীরা নির্দিষ্ট কোনো দলের নয়; তারা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করেন। এবারের নির্বাচনের মাধ্যমে সনাতনীরা প্রমাণ করেছেন যে তারা একাত্তর ও স্বাধীনতার প্রশ্নে আপসহীন।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় পঞ্চগড় জেলার বোদা উপজেলায় অবস্থিত ঐতিহ্যবাহী বোদেশ্বরী শক্তিপীঠ মন্দির প্রাঙ্গণে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচন ছিল দেশ ও জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি ছিল দেশ ও স্বাধীনতার পক্ষে ও বিপক্ষে শক্তির মধ্যকার একটি তাৎপর্যপূর্ণ লড়াই।
তিনি আরও বলেন, বোদা-দেবীগঞ্জ উপজেলার সনাতনী সমাজ তাকে বিপুল সমর্থন দিয়ে আজকের এই অবস্থানে পৌঁছে দিয়েছে। তাদের এই অবদান তিনি সবসময় কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ রাখবেন।
এ সময় তিনি জানান, তারেক রহমান এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর সনাতনী সমাজের এই অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
সনাতনী সম্প্রদায়ের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, আপনারা আমার প্রতি যে বিশ্বাস ও আস্থা রেখেছেন এবং আমাকে বিজয়ী করেছেন, সেই বিশ্বাসের মর্যাদা আমি রক্ষা করব। আপনারা যেন নিরাপদ ও নির্বিঘ্ন পরিবেশে ধর্মীয় পূজা-অর্চনা করতে পারেন এবং সম্মানের সঙ্গে বাস করতে পারেন—সরকার ও দলের পক্ষ থেকে সেই নিশ্চয়তা দেওয়া হবে।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোদেশ্বরী শক্তিপীঠের সভাপতি মুকুল কুমার বকশী, পঞ্চগড় জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল কুমার রায়, দেবীগঞ্জ উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক হরিশ চন্দ্র রায়, পাঁচপীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অজয় রায়, দেবীডুবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পরেশ চন্দ্র রায়, পামুলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিভূষণ রায়সহ দুই উপজেলার সনাতনী সম্প্রদায়ের নেতৃবৃন্দ এবং বোদা ও দেবীগঞ্জ উপজেলার বিভিন্ন স্তরের বিএনপি নেতাকর্মীরা।
এর আগে প্রতিমন্ত্রী বোদা উপজেলার কালিয়াগঞ্জ ও বগদুলঝোলা বাজারে দলীয় নেতাকর্মী ও সর্বস্তরের মানুষের সঙ্গে মতবিনিময় করেন। পরে তিনি দেবীগঞ্জ ও বোদা উপজেলার সাতটি স্থানে অনুরূপ মতবিনিময় সভায় অংশ নেন। এ সময় বিপুল সংখ্যক মানুষ তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
পরে তিনি বোদা উপজেলার পাঁচপীর ইউনিয়নের মেনাগ্রামে ফেরদৌসী বেগম হাফেজিয়া মাদরাসা ও এতিমখানায় আয়োজিত ইফতার মাহফিলে যোগ দেন।
পঞ্চগড় জেলা প্রতিনিধি খাদেমুল ইসলাম 


























