মিরু হাসান, বগুড়া প্রতিনিধি:
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার নতুন বাজার এলাকার বাঁশহাটি সংলগ্ন বায়তুন নূর জামে মসজিদে গভীর রাতে চুরির চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় মসজিদের দক্ষিণ পাশের থাই গ্লাস খুলে এর ফ্রেম নিয়ে পালিয়ে যায় তারা। এ ঘটনায় মসজিদ কমিটির পক্ষ থেকে আদমদীঘি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, মসজিদের ক্যাশিয়ার মো. শামছুর রহমান, পিতা—মৃত আহম্মাদ আলী সরদার, সাং—নতুন বাজার, সান্তাহার, আদমদীঘি, বগুড়া থানায় দেওয়া অভিযোগে উল্লেখ করেন, গত ৩১ জুলাই ২০২৬ রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে মসজিদের মোয়াজ্জিম মোহাম্মদ মজিদ বারান্দায় ঘুমিয়ে পড়েন।
পরদিন ১ আগস্ট ভোর আনুমানিক ৩টা ১০ মিনিটে ঘুম থেকে উঠে তিনি দেখতে পান, অজ্ঞাতনামা কয়েকজন দুর্বৃত্ত মসজিদের দক্ষিণ পাশের থাই গ্লাস খুলছে। এ সময় মোয়াজ্জিমের চিৎকারে তারা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পালানোর সময় দুর্বৃত্তরা থাই গ্লাসটি পাশের ঝোপে ফেলে গেলেও এর ফ্রেম খুলে নিয়ে যায়। অভিযোগে চুরি হওয়া ফ্রেমটির আনুমানিক মূল্য প্রায় ৩০ হাজার টাকা উল্লেখ করা হয়েছে।
ঘটনার বিষয়ে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব স্বপন, সদস্য মো. বিপাশসহ স্থানীয় অনেকেই অবগত রয়েছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগকারী জানান, চুরি হওয়া ফ্রেমটি বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও উদ্ধার করা সম্ভব হয়নি। পরে আইনগত প্রতিকার চেয়ে আদমদীঘি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। তিনি দ্রুত তদন্ত করে জড়িতদের শনাক্ত, চুরি হওয়া মালামাল উদ্ধার এবং দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।
এ বিষয়ে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিয়া বলেন, “এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। দ্রুত চোরদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
Reporter Name 






















