
হারুনুর রশিদ, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর সাপাহারে মাদক সেবন ও মাদক ব্যবসার সাথে জড়িত থাকার দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার দিনব্যাপী উপজেলার বিভিন্ন এলাকায় এ মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ফরিদুল ইসলাম।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও ভ্রাম্যমাণ আদালতের যৌথ অভিযানে উপজেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে ৪ জনকে আটক করা হয়। পরে মাদক সেবন ও মাদক কারবারে জড়িত থাকার অপরাধে তাদের মধ্যে দুইজনকে এক মাস করে এবং অপর দুইজনকে দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফরিদুল ইসলাম।
দণ্ডপ্রাপ্তরা হলেন—উপজেলা সদরের শিমুলতলী পাড়ার ফজলুর রহমানের ছেলে শরিফুল ইসলাম (৫০) ও তার ছেলে সুলতান মাহমুদ, করলডাঙ্গা পাড়ার ফজলুর রহমানের ছেলে সানাউল (৪৫) এবং সাহেব বাজার এলাকার গোলাম মোস্তফার ছেলে মোস্তাফিজুর রহমান (৩১)।
অভিযান চলাকালীন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। প্রশাসন জানায়, জনস্বার্থে ও এলাকাকে মাদকমুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Reporter Name 





















