গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি: মো. মনিরুজ্জামান মনির
সিলেটের গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নে যুবসমাজের উদ্যোগে পরিচালিত ‘গুচ্ছগ্রাম বেসরকারি প্রাথমিক বিদ্যালয়’ পরিদর্শন করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে প্রতিমন্ত্রী বিদ্যালয় প্রাঙ্গণে পৌঁছালে শিক্ষক, শিক্ষার্থী ও পরিচালনা কমিটির সদস্যরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। পরিদর্শনকালে তিনি বিদ্যালয়ের শ্রেণিকক্ষ, পাঠদান পদ্ধতি, শিক্ষার্থীদের উপস্থিতি এবং অবকাঠামোগত পরিবেশ ঘুরে দেখেন।
বিদ্যালয়ের শিক্ষাবান্ধব পরিবেশ ও সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, “দুর্গম ও সীমান্তবর্তী এলাকায় আলোর দ্যুতি ছড়াচ্ছে গুচ্ছগ্রাম বেসরকারি প্রাথমিক বিদ্যালয়। এখানকার শিশুদের শিক্ষার প্রতি আগ্রহ এবং শিক্ষকদের আন্তরিকতা অত্যন্ত প্রশংসনীয়।”
তিনি বলেন, সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর শিশুদের মাঝে শিক্ষার আলো পৌঁছে দিতে এ বিদ্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। টেকসই বাংলাদেশ গঠনে প্রাথমিক শিক্ষার ভিত্তি শক্তিশালী করা সরকারের অন্যতম লক্ষ্য বলেও উল্লেখ করেন তিনি।
প্রতিমন্ত্রী আরও বলেন, বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার মান বৃদ্ধিতে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে।
এর আগে মঙ্গলবার সকাল ১১টায় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বল্লাপুঞ্জি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। এ সময় তিনি বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ও পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক মো. আবদুল আলিম, সিলেট বিভাগীয় উপপরিচালক (ভারপ্রাপ্ত) এ কে এম সাইফুল হাসান, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাখাওয়াত এরশেদ, গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী, জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনন্দা রায়, সহকারী পুলিশ সুপার সালমান নূর আলম, গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুকসহ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় প্রশাসনের প্রতিনিধি ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা।
Reporter Name 




























