
মোঃ সোহেল রানা, রাঙ্গামাটি জেলা প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাঙামাটি পৌরসভার উদ্যোগে ২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী লীগের লগি-বৈঠার তাণ্ডবে সংঘটিত নৃশংস হত্যাকাণ্ডের বিচার দাবিতে এবং শহীদদের স্মরণে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) রাঙামাটি শহরে এ আয়োজন করা হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাঙামাটি পৌরসভার আমীর মোঃ মাইনুদ্দিন এবং সভা সঞ্চালনা করেন পৌরসভা জামায়াতের সেক্রেটারি হাফেজ আবুল বাশার।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাঙামাটি জেলা সেক্রেটারি মোঃ মানছুরুল হক।
প্রধান অতিথির বক্তব্যে মানছুরুল হক বলেন, “আওয়ামী লীগ গণতন্ত্রের নামে দেশে সন্ত্রাস ও হত্যার রাজনীতি চালিয়ে যাচ্ছে। ২০০৬ সালের ২৮ অক্টোবর লগি-বৈঠার তাণ্ডবে যেভাবে নিরীহ মানুষকে হত্যা করা হয়েছিল, তা সভ্য সমাজে কল্পনাতীত। সেই হত্যাকাণ্ডের আজও বিচার হয়নি — এটি জাতির জন্য লজ্জার। আমরা অবিলম্বে সেই হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”
তিনি আরও বলেন, “জামায়াতে ইসলামী ন্যায়বিচার, শান্তি ও গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে জনগণের পাশে থেকে কাজ করে যাবে।”উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাঙামাটি পৌরসভা জামায়াতের শূরা ও কর্মপরিষদ সদস্য সাজ্জাদুল ইসলাম, শফিউল আযম, আবদুর রাজ্জাক প্রমুখ নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার পল্টনে আওয়ামী লীগের লগি-বৈঠার তাণ্ডবে বহু নিরীহ কর্মী প্রাণ হারিয়েছিলেন। এটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায়।
তারা আরও বলেন, আজও সেই হত্যাযজ্ঞের বিচার না হওয়ায় ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছেন শহীদদের পরিবার ও সাধারণ মানুষ।
বক্তারা অবিলম্বে খুনিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান এবং দেশের শান্তি, ন্যায়বিচার ও শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন।
মোঃ সোহেল রানা, রাঙ্গামাটি জেলা প্রতিনিধি 





















