
মো. সোহেল রানা, রাঙ্গামাটি জেলা প্রতিনিধি:রাঙ্গামাটি সদর উপজেলার মগবান ইউনিয়নের কামিলাছড়ি এলাকায় বন্যহাতির আক্রমণে নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজি অটোরিকশা উল্টে এক পাহাড়ি নারী নিহত এবং চারজন গুরুতর আহত হয়েছেন। শনিবার (১৬ নভেম্বর ২০২৫) সন্ধ্যা ৭টার দিকে কাপ্তাই–আসামবস্তি সড়কে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাঙ্গামাটি থেকে কাপ্তাইগামী নম্বরবিহীন সিএনজি অটোরিকশাটি হঠাৎ বন্যহাতির সামনে পড়লে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে সিএনজিটি উল্টে সড়কের পাশে পড়ে যায়। স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে রাঙ্গামাটি সদর হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসক ঝর্ণা চাকমা (৬০) নামের এক নারীকে মৃত ঘোষণা করেন।
নিহতের পরিচয়
নাম: ঝর্ণা চাকমা (৬০)
স্বামী: মিলন ক্লান্তি কারবারি
গ্রাম: চেয়ারম্যান পাড়া, জীবতলী ইউনিয়ন, রাঙ্গামাটি সদর
আহতদের তথ্য
গুরুতর আহত সুবিতা চাকমা (৭০)–কে রাঙ্গামাটি সদর হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
অন্য আহতরা হলেন—
১. ত্রিজয় চাকমা (২৫, ড্রাইভার)
পিতা: অধীর চাকমা
গ্রাম: চেয়ারম্যান পাড়া, জীবতলী ইউনিয়ন, রাঙ্গামাটি সদর
২. অনিমেষ চাকমা (২২)
পিতা: অরুন চাকমা
গ্রাম: চেয়ারম্যান পাড়া, জীবতলী ইউনিয়ন, রাঙ্গামাটি সদর
৩. সুবিতা চাকমা (৭০)
স্বামী: শংগ্নাত চাকমা
গ্রাম: গোলাছছড়ি, মগবান ইউনিয়ন, রাঙ্গামাটি সদর
আরো একটি সিএনজি দুর্ঘটনা
এর মাত্র ২০ মিনিট আগে জীবতলী ইউনিয়নের হেডম্যান পাড়া এলাকায় রাঙ্গামাটি–কাপ্তাইগামী আরেকটি সিএনজি (চট্ট মেট্টো–ট ১৫-০৪৫৯, মালিক: মো. দুলাল মিয়া, রাইট ব্যাংক, কাপ্তাই) বন্যহাতির আক্রমণে খাদে পড়ে যায়। তবে সিএনজিটিতে যাত্রী না থাকায় কেউ আহত হয়নি।
দুর্ঘটনার খবর পেয়ে কাপ্তাই ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে দুইটি সিএনজি উদ্ধার করে স্টেশনে নিয়ে যায়।
স্থানীয়রা জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে সড়কের এই অংশে বন্যহাতির বিচরণ বেড়েছে। তাই দুর্ঘটনা এড়াতে নিয়মিত টহল, পর্যাপ্ত আলো এবং সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপনসহ জরুরি নিরাপত্তামূলক পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা।
Reporter Name 






















